বস্তিবাসী শিশুদের বিনা বেতনে পড়ার সুযোগ দাবি
সব শিক্ষাপ্রতিষ্ঠানে বস্তিবাসী শিশুদের বিনা বেতনে শিক্ষার সুযোগ সৃষ্টির দাবি করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল শুক্রবার বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করেছে। কিন্তু যারা অসহায় ও ভূমিহীন—তাদের সন্তানদের খরচ কোথা থেকে আসবে, তার কোনো নির্দেশনা নেই। যারা দিনের খাবার জোগাড় করতেই হিমশিম খায়, তারা পড়ার খরচ জোগাড় করবে কীভাবে? তাই লেখাপড়ার খরচ বহন করতে না পেরে তাঁরা সন্তানদের কাজে নিয়োগ করছেন। অথচ পড়াশোনার খরচের নিশ্চয়তা দেওয়া হলে এই শিশুরা শিক্ষাজীবন থেকে ঝরে পড়ত না।
বরিশাল জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে রসুলপুর চরের বাসিন্দা ও ভূমিহীন জোহরা বেগম, ছাত্রফ্রন্টের ব্রজমোহন কলেজ শাখার সভাপতি মিঠুন চক্রবর্তী, সদস্য মোজাম্মেল হক, তানজিল আহম্মেদ, নীলিমা হাজান প্রমুখ বক্তব্য দেন।