নগর বিশেষজ্ঞরা বলেছেন, অনানুষ্ঠানিক বসতির কারণে সরকারি নীতি ও উন্নয়ন কর্মসূচির বাইরে থাকছে বস্তির মানুষ। তারা সরকারি স্বাস্থ্যসেবার সুযোগ কম পায়। বস্তিবাসীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শহরে স্বাস্থ্যবৈষম্যও বাড়ছে।
গতকাল সোমবার ১২তম আন্তর্জাতিক নগর স্বাস্থ্য সম্মেলনের দ্বিতীয় দিনের একাধিক অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত রোববার থেকে চার দিনের এই সম্মেলন শুরু হয়েছে।
‘নগর স্বাস্থ্যসেবা সরবরাহ’ শীর্ষক প্লেনারি অধিবেশনে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন ফ্রেডম্যান বলেন, গ্রাম থেকে নগরে যাঁরা আসছেন, তাঁদের অনেকেই বৈধ বা আনুষ্ঠানিক জমিতে বসবাস করতে পারেন না। তাঁদের বড় অংশ কাজ করেন অনানুষ্ঠানিক খাতে, যেখানে স্বাস্থ্যঝুঁকি অনেক বেশি। সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচিরও বাইরে থাকেন বস্তিবাসী। তাঁরা সরকারের আনুষ্ঠানিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন।
ভারত, কেনিয়া, সেনেগাল ও নাইজেরিয়ার কিছু বস্তিতে স্বাস্থ্যসেবা দেওয়ার অভিজ্ঞতা বর্ণনার সময় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পারিবারিক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক ক্লেয়া টি ফিঙ্কেল বলেন, বস্তির মানুষের বন্ধন দুর্বল, যা স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ। অন্যদিকে দাতারা বস্তিতে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করে কম। বস্তিতে ভাঙা ভাঙা স্বাস্থ্যসেবা দেওয়া হয়, তাতে ধারাবাহিকতার অভাব আছে।
এর আগে ‘নগর স্বাস্থ্যের আর্থসামাজিক ও পরিবেশগত নির্ধারকসমূহ’ শীর্ষক অধিবেশনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, নগরের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব স্থানীয় সরকারের। গ্রামে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থাকলেও শহরে এ রকম কোনো অবকাঠামো নেই। সর্বশেষ জরিপের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, আগের চেয়ে প্রসবপূর্ব সেবা নেওয়ার হার বেড়েছে, কিন্তু দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসবপূর্ব সেবা নেওয়ার হার কমেছে। এর অর্থ পেশাজীবী স্বাস্থ্যকর্মীর মাধ্যমে মানসম্পন্ন সেবা মানুষ কম পাচ্ছে।
ঢাকাকে বিশ্বের সবচেয়ে দ্রুতবর্ধনশীল মহানগর উল্লেখ করে বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয়ের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা শাখার জ্যেষ্ঠ পরিচালক টিম ইভান্স বলেন, বস্তিবাসীরা উদ্বেগজনকভাবে স্বাস্থ্যবৈষম্যের শিকার। তিনি বলেন, নগরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সুশাসন একটি বড় বিষয়।
বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক রশীদ-ই-মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত নগরের পুষ্টি পরিস্থিতিবিষয়ক অধিবেশনে ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার কারার হাসান বলেন, সর্বশেষ (২০১৩ সালের) জরিপে দেখা গেছে, বাংলাদেশের বস্তির শিশুদের পুষ্টি পরিস্থিতি জাতীয়ভাবে শিশু পুষ্টি পরিস্থিতির চেয়ে খারাপ। একই অধিবেশনে ভারতের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের কাকলি বরকোটোকি বলেন, ভারতের বিভিন্ন প্রদেশের বস্তিবাসীর বছরব্যাপী খাদ্যের নিশ্চয়তা আগের চেয়ে বেড়েছে। কিন্তু তাদের খাদ্যে বৈচিত্র্য বাড়েনি।
সংবাদপত্র, রেডিও, সামাজিক যোগাযোগমাধ্যম প্রজননস্বাস্থ্য নিয়ে কী করছে, কতটুকু গুরুত্ব দিচ্ছে, তাদের কাজের প্রভাব কী, তা নিয়ে পৃথক একটি অধিবেশনে প্রাণবন্ত আলোচনা হয়। লজ্জা ভেঙে, কুসংস্কার ভেঙে কিশোর-কিশোরীরা কীভাবে নানা উদ্যোগ থেকে প্রজনন স্বাস্থ্যসেবা পাচ্ছে, তা জানা যায় ‘মায়া আপা’, ‘শেয়ার-নেট বাংলাদেশ, আমি ও আমার বিশ্ব’ এবং বিবিসি বাংলার ‘দশ উনিশের মোড়’ উপস্থাপনা থেকে। এ অধিবেশনে প্রথম আলোর পরামর্শ সম্পাদক কামাল আহমেদ বলেন, ভালো যেকোনো কাজের সঙ্গে প্রথম আলো প্রথম থেকেই ছিল, আছে। প্রজননস্বাস্থ্যকে বিষয় হিসেবে প্রথম আলো বিশেষ গুরুত্ব দেয়।
কাল বুধবার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক নগর স্বাস্থ্য সম্মেলন শেষ হবে।