চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বস্তি এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেওয়া হয়। রেলওয়ে বস্তিবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা, জাসদের সভাপতি রফিকুল ইসলাম, বস্তির উন্নয়ন কমিটির আহ্বায়ক তোবজুল হক প্রমুখ। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের উন্নয়নের নামে রেলওয়ে কর্তৃপক্ষ যে উচ্ছেদের পরিকল্পনা গ্রহণ করেছে তাতে ছিন্নমূল মানুষ গৃহহারা হয়ে পথে বসবে। তাই কলোনি স্থাপনের মাধ্যমে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবি জানান বক্তারা। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|