বস্তিবাসীর ফ্ল্যাট হয়েছে ওঠার 'ভাগ্য' হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগারপাস এলাকায় বস্তিবাসীর জন্য নির্মাণ করা ভবন
টাইগারপাস এলাকায় বস্তিবাসীর জন্য নির্মাণ করা ভবন

পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করা বস্তিবাসীর জন্য ২০১৩ সালে অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণের একটি প্রকল্প নিয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। এ জন্য ৩৩ জন বস্তিবাসীর কাছ থেকে ফ্ল্যাটের বরাদ্দ বাবদ এককালীন ১০ হাজার টাকা করেও নেওয়া হয়। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই মেয়র পদে পালাবদল ঘটে। নতুন মেয়র আ জ ম নাছির উদ্দীন সিদ্ধান্ত নিয়েছেন, বস্তিবাসীদের ফ্ল্যাট না দিয়ে তাঁদের টাকা ফিরিয়ে দেবেন।
সাততলা ওই অ্যাপার্টমেন্ট ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করার কথা ভাবছেন মেয়র। এ ছাড়া দরপত্রের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে ভবনটি ইজারা দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।
সাবেক মেয়র মনজুর আলম নগরের বিআরটিসি এলাকায় ভাসমান মানুষদের জন্য তিনতলা একটি আশ্রয়কেন্দ্রও নির্মাণ করেছিলেন। এটিও চালু করে যেতে পারেননি তিনি। এই ভবনও ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে সিটি করপোরেশন।
মেয়র আ জ ম নাছিরের এসব পরিকল্পনাকে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাসমান মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র এবং বস্তিবাসীদের জন্য স্বল্পমূল্যে ফ্ল্যাট প্রকল্প—দুটিই খুব ভালো এবং প্রয়োজনীয় উদ্যোগ। এতে সমাজের দরিদ্র ও অবহেলিত মানুষ উপকৃত হবেন। যে উদ্দেশ্যে করা হয়েছে, সেখান থেকে সরে অন্য কিছু বাস্তবায়ন করা হলে তা হবে অযৌক্তিক ও অনৈতিক। দায়িত্ব গ্রহণের প্রথম বছরেই মেয়রের এসব উদ্যোগ খারাপ সংকেত দিচ্ছে। তিনি বলেন, এসব সেবামূলক প্রকল্প যাতে অন্য উদ্দেশ্যে ব্যবহার করতে না পারেন, সে জন্য চট্টগ্রামের নাগরিক সমাজের প্রতিবাদ করা উচিত এবং মেয়রকে বোঝানো দরকার।
চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় সিটি করপোরেশনের নিজস্ব জায়গায় ১২ কাঠা জমির ওপর বস্তিবাসীর জন্য সাততলা এই অ্যাপার্টমেন্ট প্রকল্প গড়ে তোলা হয়েছে। এতে ২৫০ বর্গফুট আয়তনের ১৬১টি ফ্ল্যাট রয়েছে। প্রতি ফ্ল্যাটে একটি থাকার ঘর, রান্নাঘর ও শৌচাগার রয়েছে। ভবনের জায়গায় আগে বস্তি ছিল। বস্তিবাসীদের তুলে দিয়ে এই ভবনের নির্মাণকাজ শুরু করা হয়। তখন প্রতি ফ্ল্যাটের মূল্য ধরা হয় ছয় লাখ টাকা। মাসিক আড়াই হাজার টাকা কিস্তিতে এই মূল্য পরিশোধ করার শর্ত দেওয়া হয়েছিল বস্তিবাসীদের।
অ্যাপার্টমেন্ট নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক মো. মোজাফফর গতকাল প্রথম আলোকে বলেন, মেঝের আস্তর করা ছাড়া ভবনের বাকি সব কাজ শেষ হয়েছে।
এ বিষয়ে মেয়র আ জ ম নাছির উদ্দিন গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি, প্রকল্পগুলো অযৌক্তিক। প্রকল্পগুলো নেওয়ার ক্ষেত্রে কোনো সুদূরপ্রসারী চিন্তাভাবনা ছিল না। এগুলো একসময় ক্রাইম জোনে (অপরাধপ্রবণ এলাকা) পরিণত হবে। তার দায়দায়িত্ব আমি নেওয়ার পক্ষপাতী নই। তাই এগুলো নিয়ে অন্য চিন্তাভাবনা করছি।’
বস্তিবাসীদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার বিষয়ে মেয়র বলেন, ‘বস্তিবাসীদের দিয়ে তো কোনো লাভ হবে না। তাঁদের জন্য অ্যাপার্টমেন্টের যে মূল্য নির্ধারণ করা হয়েছে, তা তাঁরা দিতে পারবেন না। তাঁদের আয়ের উৎস কী? তাঁরা যে টাকা জমা দিয়েছেন, তা ফেরত দেওয়া হবে।’ তিনি বলেন, ভাসমান আশ্রয়কেন্দ্র তদারক করার মতো লোকজন সিটি করপোরেশনের নেই। কিছুদিন আগে একটি এনজিও সংস্থা ভবনটি পেতে প্রস্তাব দিয়েছে।
জানতে চাইলে ফ্ল্যাট বরাদ্দ পাওয়া মোহাম্মদ সিরাজ, শাহেদা বেগম ও রমজান আলী প্রথম আলোকে বলেন, তাঁরা বংশপরম্পরায় টাইগারপাস বস্তিতে ছিলেন। ২০১৩ সালে তৎকালীন মেয়র মনজুর আলমের আশ্বাসে বস্তি ছেড়ে অন্য জায়গায় চলে যান। ভবনের কাজ শেষ হওয়ায় ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার জন্য বর্তমান মেয়রের প্রতি দাবি জানান তাঁরা। ফ্ল্যাটের মূল্য পরিশোধ করার সামর্থ্য রয়েছে বলেও দাবি করেন তাঁরা।
নগরের বিআরটিসি এলাকায় ৮৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান মানুষদের তিনতলা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। ২০১২ সালে এর নির্মাণকাজ শুরু হয়ে তা শেষ হয় ২০১৪ সালে। ভবনের প্রতিটি তলার মেঝের আয়তন প্রায় দেড় হাজার বর্গফুট। দোতলায় নারী ও শিশু এবং তিনতলায় পুরুষদের থাকার জায়গা ঠিক করা হয়। ভাসমান মানুষদের বসবাস কার্যক্রম তদারকের জন্য নিচতলায় দুটি কক্ষ রয়েছে।
গত ১৩ ও ১৪ জুন চট্টগ্রামের স্থানীয় কয়েকটি দৈনিকে আশ্রয়কেন্দ্র ভবনের দোতলা ও তিনতলা বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় সিটি করপোরেশন। গতকাল সরেজমিনে দেখা যায়, আশ্রয়কেন্দ্রের সামনে ভ্যান ও ঠেলাগাড়ি রাখা হয়েছে। ভবনের সিঁড়িগুলোতে ধুলাবালুর আস্তর পড়েছে। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মো. মানিক হোসেন বলেন, ভবন পরিষ্কারের জন্য কোনো বরাদ্দ নেই।
এ বিষয়ে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রথম আলোকে বলেন, ‘দরিদ্র ও মানবেতর জীবন যাপন করা মানুষদের স্বার্থে ভাসমান আশ্রয়কেন্দ্র ও বস্তিবাসীদের জন্য অ্যাপার্টমেন্ট প্রকল্প গ্রহণ করেছিলাম। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিত্তবান শ্রেণির লোকজনও মানবসেবায় এগিয়ে আসতে উৎসাহিত হবেন।’ তিনি বলেন, ‘অবহেলিত ও অসহায় মানুষদের স্বার্থে বর্তমান মেয়র আমার চেয়ে বেশি কাজ করবেন, এটিই আশা করি।’
এ বিষয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান প্রথম আলোকে বলেন, যে উদ্দেশ্যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, মেয়র সেখান থেকে সরে যেতে চাইলে আইনই তাঁকে বাধা দেবে। মেয়রের পদে ব্যক্তির পরিবর্তন হতে পারে। তাই বলে রাতারাতি প্রকল্পের উদ্দেশ্য পাল্টে যাবে, এটি কী রকম কথা। এটি ঠিক না।