বস্তিবাসীর সুরক্ষা কার্যক্রম দেখলেন সুইডিশ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশে সফররত সুইডেনের উন্নয়ন সহায়তাবিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিন। তিনি আজ মিরপুরের কয়েকটি বস্তি ঘুরে দেখেন। ছবি: প্রথম আলো
মিরপুরে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশে সফররত সুইডেনের উন্নয়ন সহায়তাবিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিন। তিনি আজ মিরপুরের কয়েকটি বস্তি ঘুরে দেখেন। ছবি: প্রথম আলো

বাংলাদেশে সফররত সুইডেনের উন্নয়ন সহায়তাবিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিন আজ মঙ্গলবার ঢাকার মিরপুরে কয়েকটি বস্তি পরিদর্শন করেছেন। সেখানে তিনি বস্তিবাসীর জীবনমানের উন্নয়নে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা-সিডার অর্থ সাহায্যে পরিচালিত নিরাপদ খাবার পানির উৎস, স্বাস্থ্যসম্মত পায়খানা, বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি কার্যক্রম ঘুরে দেখেন।

মিরপুরের ভাসানটেকের ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন এই বস্তিতে তিন বছর ধরে ওয়াটার এইড বাংলাদেশ ও দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের (ডিএসকে) সহযোগিতায় নিরাপদ খাবার পানির সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ওয়াসার পাঁচটি বৈধ সংযোগ স্থাপিত হয়েছে। পাশাপাশি ১৪টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভ্যানসহ বস্তিবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য বেশ কিছু কর্মসূচী পরিচালিত হয়ে আসছে এখানে। এসব কার্যক্রমের অর্থায়ন করেছে সিডা। বস্তি পরিদর্শনের সময় তিনি এসব স্থাপনা ঘুরে দেখেন এবং বস্তিবাসীর সঙ্গে কথা বলেন।

পরে সুইডিশ মন্ত্রী ভাসানটেকের লালাসরি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী সৈয়দ আলী খান উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ খাবার পানি ও নিরাপদ স্যানিটেশনের জন্য একটি নবনির্মিত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন উদ্বোধন করেন ও বৃক্ষরোপণ করেন। এ সময় সফররত মন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতায় সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়াটার এইড বাংলাদেশের প্রতিনিধি খায়রুল ইসলাম, ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, ঢাকা উত্তর সিটি ক​রপোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন ভুঁইয়া ও ডিএসকের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ।