
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচন আগামী ৬ জুলাই। মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। টঙ্গীর বস্তিবাসীরা একটি প্রতিশ্রুতি এবং তা বাস্তবায়ন চায়। তাদের দাবি, বস্তিবাসীদের সরকারিভাবে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন প্রথম নগর পিতা। সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের কলাবাগান বস্তিতে গত সোমবার সন্ধ্যায় কথা হয় মো. মোশাররফ, মো. হানিফ ও মো. মহিউদ্দিনের সঙ্গে। তাঁরা জানান, কষ্টের জীবনের কথা। তাঁদের ভাষ্যমতে, শ্রমিকেরাই পরিবার-পরিজন নিয়ে থাকেন কলাবাগান বস্তিতে। অনেকে নিজেদের খরচে টিন-কাঠের ছোট ঘর তৈরি করে নিয়েছেন। সরকারি জমিতে অবৈধভাবে বসবাসের কারণে তাঁরা বিদ্যুতের সংযোগ পান না। পানি সরবরাহের লাইন নেই। রান্নার গ্যাসসংযোগ নাই। বস্তিবাসীদের সংগঠন ‘সবে মিলে কাজ করি’ এর সভাপতি মো. মিন্নত আলী বলেন, নবগঠিত গাজীপুর সিটি করপোরেশেনের প্রথম নগর পিতার কাছে তাঁদের একটাই দাবি, ‘বস্তিবাসীদের পুনর্বাসন’