বস্তিবাসীরা নাগরিক সুবিধাবঞ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা দেখা যায় না। অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে এসব মানুষের প্রয়োজনীয় সেবা কিনে নিতে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই সেবার অভাবে নিম্নমানের জীবনযাপনে বাধ্য হন তাঁরা; বিশেষ করে সুপেয় পানি, শৌচাগার ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ‘নগর জনপদে অপ্রাতিষ্ঠানিক কাজ এবং জীবনমান’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য উঠে আসে। কর্মশালাটির আয়োজন করে বেসরকারি সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা)। কর্মশালায় চট্টগ্রামের দুটি বস্তির অধিবাসীদের জীবনমানের ওপর করা একটি গবেষণার ফলাফলও উপস্থাপন করা হয়। গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠান (আইডিএস)। গবেষণায় সহায়তা করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও অ্যাকশনএইড বাংলাদেশ। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরসংলগ্ন ডকের পাড় বস্তি ও পতেঙ্গা থানাধীন খেজুরতলা বস্তির অধিবাসীর ওপর গবেষণাটি হয়েছে।
গবেষণার ফলাফল অনুযায়ী, বস্তিগুলোর জীবনযাত্রার ধরন ও মানের মধ্যে সাদৃশ্য রয়েছে। এখানে বসবাসরত নারী ও পুরুষেরা বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। দুটি বস্তিতেই সুপেয় পানির সংকট রয়েছে। প্রয়োজনীয় শৌচাগারের অভাবে অধিবাসীদের, বিশেষ করে নারীদের নানা ধরনের সমস্যায় ভুগতে হয়। পেটের অসুখ এসব মানুষের নিত্যকার বিষয়। এরা চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত। বিটার নির্বাহী পরিচালক শিশির দত্তের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম, স্থপতি জেরিনা হোসেন প্রমুখ।