বস্তির অন্ধকার ঘরে আলো জ্বলল না
বাবা আলাউদ্দিনের স্বপ্ন ছিল, বিশ্ববিদ্যালয়পড়ুয়া রেদোয়ান পড়াশোনা শেষে একটি ভালো চাকরি পাবে, সংসারের হাল ধরবে। বস্তির অন্ধকার ঘরে জ্বলে উঠবে আশার আলো। বৃদ্ধ বাবার সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল।বরিশাল নগরের পলাশপুর এলাকার কারি মো. আলাউদ্দিনের ছেলে মো. রেদোয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মান চূড়ান্ত পর্বের ছাত্র ছিলেন। গত শনিবার রাত ১০টার দিকে ঢাকার মতিঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পলাশপুর ৭ নম্বর বস্তি এলাকার ছোট টিনের বাড়িতে পৌঁছায় রেদোয়ানের মরদেহ। মরদেহ বহনকারী মাইক্রোবাসটি বাসার সামনে এসে পৌঁছার সঙ্গে সঙ্গে বৃদ্ধ বাবা ও ভাইদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়। চোখের পানি আটকে রাখতে পারেনি প্রতিবেশীরাও। পরে সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় পৈতৃক ভিটা ঝালকাঠির রাজাপুরে। সেখানেই রেদোয়ানকে দাফন করার কথা রয়েছে। পরিবার সূত্র জানায়, রেদোয়ান ২০০৪ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করার পর ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ভর্তি হন। রেদোয়ানের গরিব বাবা কারি আলাউদ্দিন একসময় নগরের ভাটিখানা চন্দ্রপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। মা আরিফা খাতুন গৃহিণী। রেদোয়ানেরা তিন ভাই এক বোন। বোনটি রেদোয়ানের বড় এবং বিবাহিত। ছোট ভাই রিয়াজুল ইসলাম বরিশাল ব্রজমোহন কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। আর বড় ভাই নাজমুল ইসলামের পলাশপুর এলাকায় একটি ছোট ইলেকট্রনিকসের দোকান রয়েছে। পুরো পরিবারটি নাজমুলের উপার্জনের ওপরই নির্ভরশীল। বস্তির মধ্যে এই পরিবারটি ছিল শিক্ষিত।রেদোয়ানের প্রতিবেশী মো. এসকান্দার মিয়া জানান, এলাকায় রেদোয়ান ভালো ছাত্র, ভদ্র-নম্র হিসেবে পরিচিত ছিল। তার বাবা বহু কষ্টে তাদের পড়াশোনা করিয়েছেন।