দেশের প্রতি ১৬ জন মানুষের একজন বাস করে শহরের বস্তিতে। বস্তিবাসীর সংখ্যা এখন প্রায় এক কোটি। এর মধ্যে ৭৫ শতাংশ পরিবার বাস করে এক কক্ষের ঘরে। বস্তিতে জন্ম নেওয়া দুটি শিশুর একটি খর্বকায়। আর সেখানে পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই প্রতি ১৮টি শিশুর একটি মারা যায়।
‘বাংলাদেশ নগর স্বাস্থ্য জরিপ ২০১৩’-তে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা গেছে, বস্তি ও বস্তির বাইরে শহরে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে বস্তিতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার বেড়েছে বলে শিশু জন্মদান কমেছে বেশি। সেখানে মোট প্রজনন হার ২, আর জাতীয়ভাবে এ হার ২ দশমিক ৩। তার পরও প্রতিবছর দেশের শহরগুলোতে সাড়ে ১৬ থেকে ১৭ লাখ মানুষ বাড়ছে। নতুন যোগ হওয়া মানুষের দুই-তৃতীয়াংশ গ্রাম থেকে শহরে আসছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নগর স্বাস্থ্য জরিপের প্রাথমিক ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট), যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান মেজর ইভালুয়েশন এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
শিশুস্বাস্থ্য ও পুষ্টি: জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের ওপর জোর দেওয়া হলেও নগর স্বাস্থ্য জরিপে দেখা গেছে, বস্তিতে অ্যান্টিবায়োটিকের ব্যবহার অনেক বেশি। বস্তির ৪৭ শতাংশ শিশুকে বিভিন্ন রোগে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। বস্তির বাইরে এ হার ৪০ শতাংশ। অথচ শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগে অর্ধেকের কিছু বেশি শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে বা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছে নেওয়া হয়। বস্তির বাইরে এ হার ৬৬ শতাংশ।
জরিপে দেখা গেছে, বস্তির শিশুরা সঠিক পরিচর্যা ও শিশুখাদ্য পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে। ছয় মাসের কম বয়সী শিশুদের শুধু বুকের দুধ খাওয়ানোর হার ৬০ শতাংশ। বস্তির বাইরে নগর এলাকায় এ হার ৬৬ শতাংশ। আর জাতীয়ভাবে এ হার ৬৪ শতাংশ। বস্তিতে ছয় থেকে ২৩ মাস বয়সী ২৫ শতাংশ শিশুকে রীতি মেনে শিশুখাদ্য খাওয়ানো হয়। বস্তির বাইরে নগর এলাকায় তা ৪০ শতাংশ। আর জাতীয় পর্যায়ে ৩২ শতাংশ।
এসব বিষয় শিশুর স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। বস্তির ৫০ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম, জাতীয়ভাবে এ হার ৪১ শতাংশ। জরিপ দেখা গেছে, বস্তির পাঁচ বছরের কম বয়সী শিশুরা তুলনামূলকভাবে কম বাঁচে। প্রতি ১৮টি শিশুর একটি মারা যায় পাঁচ বছর বয়স পূর্ণ হওয়ার আগে। জাতীয়ভাবে দেখা গেছে, এ দেশে ২০টি শিশুর মধ্যে একটি মারা যায় পাঁচ বছর বয়স হওয়ার আগে।
প্রজনন হার কমেছে: বস্তিতে, বস্তির বাইরে মহানগরের পরিবারগুলোয় এবং ছোট শহরে মোট প্রজনন হার বা টিএফআর (টোটাল ফার্টিলিটি রেট—একজন নারী তাঁর প্রজনন বয়সে জন্ম দেওয়া সন্তানের সংখ্যা) উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনটি ক্ষেত্রেই টিএফআর জাতীয় হারের (২ দশমিক ৩) চেয়ে কম। কিন্তু বস্তিতে কিশোরীদের গর্ভধারণ হার বেশি।
জাতীয়ভাবে টিএফআর ২ দশমিক ৩। বস্তিতে টিএফআর ২। বস্তির বাইরে মহানগরের টিএফআর ১ দশমিক ৭। আর ছোট শহর ও পৌরসভাতে ১ দশমিক ৯। জনসংখ্যা নীতিতে ২০১৬ সালের মধ্যে টিএফআর ২ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
দেখা গেছে, বস্তিতে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের (সিপিআর) হার ৭০ শতাংশ। এ হার বস্তির বাইরে মহানগরের পরিবারগুলোতে ৬৫ শতাংশ। বস্তিতে ২০০৬ সালে সিপিআর ছিল ৫৮ শতাংশ, অর্থাৎ ১২ শতাংশ মান বেড়েছে। বস্তির বাইরে মহানগরের পরিবারগুলোতে তা ছিল ৬৩ শতাংশ, অর্থাৎ মাত্র ২ শতাংশ মান বেড়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পপুলেশন কাউন্সিলের বাংলাদেশের পরিচালক ওবায়দুর রব প্রথম আলোকে বলেন, আগে ধারণা ছিল বস্তির মানুষ পরিবার পরিকল্পনা সেবা পায় না। তবে জরিপে দেখা গেছে, বস্তির মানুষ বেসরকারি প্রতিষ্ঠান থেকে সেবা কিনছে ব্যাপক হারে। এ কারণে বস্তিবাসীর মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার বেড়েছে, আর টিএফআর কমেছে।
বস্তিতে বসবাসকারী ১৫ থেকে ১৯ বছর বয়সী ২১ শতাংশ নারী গর্ভধারণ শুরু করেন। ছোট শহর ও পৌরসভার মধ্যে এ হার ১৯ শতাংশ। আর মহানগরগুলোর বস্তির বাইরে এ হার ১৩ শতাংশ। ২০০৬ সালের জরিপে দেখা যায়, বস্তিতে কিশোরী গর্ভধারণের হার ২১ শতাংশই ছিল। কিন্তু মহানগরগুলোর বস্তির বাইরে এ হার ছিল ১১ শতাংশ। অর্থাৎ কিশোরী গর্ভধারণের হার আগের চেয়ে বেড়েছে।
শহরের জনসংখ্যা বৃদ্ধি: জরিপের ফলাফল উপস্থাপনের শুরুতে আইসিডিডিআরবির পরিচালক (জনসংখ্যা ও জলবায়ু পরিবর্তন) কিম স্ট্রিটফিল্ড বাংলাদেশের শহরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির একটি সার্বিক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের দুই-তৃতীয়াংশ (১০ কোটি ৫০ লাখ) মানুষ গ্রামে ও এক-তৃতীয়াংশ (পাঁচ কোটি ৩০ লাখ) মানুষ শহরে বাস করে। আগামী ২০ বছর শহরের জনসংখ্যা বছরে ১৮ লাখ করে বৃদ্ধি পাবে। ২০৩০ সালে শহরের জনসংখ্যা আট কোটিতে গিয়ে দাঁড়াবে। তিনি বলেন, বর্তমানে সিটি করপোরেশন এলাকার এক-তৃতীয়াংশ মানুষ বস্তিতে বাস করে।
খানার অবস্থা: বস্তিতে মানুষের সংখ্যা বাড়ছে। জরিপে দেখা গেছে, বস্তিবাসীর ৪৪ শতাংশের বয়স ২০ বছরের নিচে। বস্তিতে একজন মানুষের বসবাসের গড় পরিসর ৪৮ বর্গফুট। বস্তি নয় মহানগরের এমন এলাকায় বসবাসের গড় পরিসর ১২০ বর্গফুট এবং অন্যান্য ছোট শহরে ও পৌরসভায় এ পরিসর ১১০ বর্গফুট। দেখা গেছে, প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটি পরিবার মাত্র এক কক্ষের ঘরে বাস করে। বস্তির পরিবারের গড় সদস্যসংখ্যা ৪ দশমিক ৩ জন।
জরিপে দেখা গেছে, সরকারি জমিতে বস্তির সংখ্যা কমছে। ব্যক্তিমালিকানাধীন জমিতে বস্তির সংখ্যা বাড়ছে। বস্তির প্রতি চারটি মধ্যে তিনটি পরিবার ভাড়া করা ঘরে বাস করে। ৯৮ শতাংশ বস্তির ঘরে বিদ্যুৎ সংযোগ আছে। বস্তির ৯২ শতাংশ পরিবারে মুঠোফোন আছে। অন্যদিকে বস্তিবাসী ৫৪ শতাংশ নারীর মুঠোফোন আছে।
শহরে মানুষ বৃদ্ধির মূলে অভিবাসন: শহরগুলোতে প্রতিবছর প্রায় এক কোটি ৬০ লাখ মানুষ বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক বছরে এ সংখ্যা এক কোটি ৯০ লাখে পৌঁছাবে। জরিপের ফলাফলে দেখা গেছে, শহরের মানুষ এক-তৃতীয়াংশ বাড়ছে নতুন শিশু জন্ম গ্রহণের ফলে। আর দুই-তৃতীয়াংশ বাড়ছে অভিবাসনের কারণে। তিন দশক পরে শহরে জনসংখ্যা বৃদ্ধি কমতে থাকবে।
জরিপের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, ঢাকা শহরের বস্তিবাসী নারীদের ২৫ শতাংশ এসেছে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার গ্রাম থেকে। এরপর বেশি বরিশাল বিভাগ থেকে আসা নারী, ২০ শতাংশ। একইভাবে চট্টগ্রামের বস্তিতে বসবাসকারী নারীদের ৩০ শতাংশ এসেছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার গ্রাম থেকে। এরপর বেশি বরিশাল বিভাগ থেকে, ৯ শতাংশ।
বরিশাল থেকে বেশি অভিবাসনের কারণ সম্পর্কে জানতে চাইলে বেসরকারি প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরি) নির্বাহী সভাপতি হোসেন জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, বরিশাল অঞ্চলের অর্থনীতি দীর্ঘদিন স্থবির অবস্থায় আছে। মানুষের কাজের সুযোগ কম। এ অঞ্চল থেকে অভিবাসনের এটি একটি কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেও অভিবাসন ঘটছে বলে ধারণা করা যায়।
রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের মানুষ ঢাকা ও চট্টগ্রামের বস্তিতে কম আসে। তবে রংপুর বিভাগের অনেক মানুষ ঢাকা অতিক্রম করে চট্টগ্রামের বস্তিতে আশ্রয় নেয়। চট্টগ্রামের বস্তিবাসী নারীদের ৬ শতাংশ এসেছে রংপুর থেকে।
পদ্ধতি: জরিপে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা—এ নয়টি সিটি করপোরেশন এলাকার বস্তি ও বস্তি নয় এমন পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া ৪৫ হাজারের বেশি পরিবার বাস করে এমন শহর ও পৌরসভার বাসিন্দাদের তথ্যও জরিপে অন্তর্ভুক্ত করা হয়। মোট উত্তরদাতা খানার সংখ্যা ৫১ হাজার। ২০১৩ সালের জুলাই থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত তথ্য জরিপকারীরা সংগ্রহ করেন। এ জরিপে আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআডি)। এর আগে নগর স্বাস্থ্য নিয়ে জরিপ হয়েছিল ২০০৬ সালে।
জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম বদরুদ্দুজা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, মন্ত্রণালয় মেয়েদের বিয়ের বয়স বিষয়ে বেসরকারি সংস্থা (এনজিও), নাগরিক সমাজ ও উন্নয়ন-সহযোগীদের নিয়ে মতবিনিময় সভা করবে। সেই সভার সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।