বস্তির নারী ও কিশোরীদের ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্লাস্ট আয়োজিত প্রথম নারী ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন দলে অংশ নেয় মহাখালী ও মোহাম্মদপুরের সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীরা। ছবিটি গতকাল বিকেলে রাজধানীর কড়াইলের এরশাদ হাইস্কুল মাঠ থেকে তোলা l প্রথম আলো
ব্লাস্ট আয়োজিত প্রথম নারী ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন দলে অংশ নেয় মহাখালী ও মোহাম্মদপুরের সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীরা। ছবিটি গতকাল বিকেলে রাজধানীর কড়াইলের এরশাদ হাইস্কুল মাঠ থেকে তোলা l প্রথম আলো

বয়স তাঁর ৪০ পেরিয়েছে। পায়ে কেডস। পরনে ট্রাউজার ও টি-শার্ট। নেমে পড়েছেন ফুটবল ম্যাচে। খেলোয়াড়দের কেউ কেউ ছেলেমেয়ের বিয়ে দিয়েছেন, আবার কারও বয়স ১৪ বা ১৫ বছর। বয়স যা-ই হোক, তাঁরা এখন ফুটবল খেলোয়াড়। ‘সখি প্রথম নারী ফুটবল টুর্নামেন্ট-২০১৫’-তে জেতার লড়াইয়ে নেমেছেন তাঁরা। এই নারী ও কিশোরীরা সবাই রাজধানীর ১৫টি বস্তির বাসিন্দা।
গতকাল রোববার দুপুরে বনানীর কড়াইলে ‘পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়’ মাঠে এই ফুটবল ম্যাচ নিয়ে তুমুল উত্তেজনা। বাঁশ দিয়ে ঘেরা মাঠের বাইরে বিভিন্ন বয়সী দর্শকেরাও একসময় ভুলে গেলেন খেলোয়াড়দের মধ্যে অনেকেই জীবনে প্রথমবার বলে লাথি দিয়েছেন। পুরুষ দর্শকদের আক্ষেপ, ‘ইশ্, একটুর জন্য গোলটা হইল না।’
গতকালের খেলাই শেষ নয়, চূড়ান্তপর্বের খেলা হবে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে। টুর্নামেন্টটি শুরু হয়েছে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। কড়াইল বস্তিসহ ১৫টি বস্তির ৭২ জনকে নিয়ে ছয়টি দল গঠন করা হয়েছে। দলগুলো হলো অনিরুদ্ধ মহাখালী, তেজস্বিনী মহাখালী, দুরন্ত মহাখালী, অযান্ত্রিক মিরপুর, অরুণোদয় মোহাম্মদপুর ও দুর্বার মোহাম্মদপুর।
২০১৩ সাল থেকে রাজধানীর ১৫টি বস্তিতে ‘সখি-নারীর স্বাস্থ্য, অধিকার এবং ইচ্ছাপূরণ’ নামের প্রকল্পের আওতায় আয়োজন করা হয়েছে এ টুর্নামেন্টের। বস্তির নারীদের নির্যাতন প্রতিরোধ, স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিনা মূল্যে আইনগত ও স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে পারিবারিক নির্যাতন প্রতিরোধে আমরাই পারি ক্যাম্পেইন, বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন ও মেরী স্টোপস বাংলাদেশ।
নির্যাতনের শিকার নারীরা সাহসী হচ্ছেন, তার প্রমাণ গৃহিণী তানিয়া। দুই সন্তানের মা মোহাম্মদপুরের এই নারীর শরীরে আঘাতের চিহ্ন। স্বামী আগে থেকেই মারতেন। এখন খেলার কারণে মারের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। ব্যথা কমাতে ওষুধ খেয়েও খেলতে এসেছেন তিনি। স্বামী বলেছেন, ‘মহিলা মানুষের আবার কিসের খেলা?’ তানিয়া জানালেন, অন্যদের খেলার জন্য উৎসাহ দিয়ে নিয়ে এসেছেন। এখন তিনিই খেলবেন না, তা তো হয় না। কথা শেষ করে মাঠে নেমেই তানিয়া সবকিছু ভুলে গেলেন। ছুটলেন বল নিয়ে।
ব্লাস্টের গাড়িচালক জরিনা আক্তার দলগুলোর কোচ। জাতীয় দলের হয়ে কাবাডি ও ফুটবল খেলতেন তিনি। গাড়ি থেকে স্টাফ নামিয়েই তিনি ঢুকে গেলেন মাঠে।
একটি ম্যাচ শেষের পথে। মাঠের বাইরে পরের ম্যাচের জন্য অপেক্ষমাণ ৩৫ বছর বয়সী হাবিবা জানালেন, গরু ব্যবসায়ী স্বামী ফাইনাল খেলা দেখতে আসবেন। তিন ছেলেমেয়ের মধ্যে বড় মেয়েকে বিয়ে দেওয়া সাবিনা বেগম জানালেন, তাঁর রিকশাচালক স্বামী খেলার বিষয়ে কোনো আপত্তি করেননি।
ব্লাস্টের সখি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শিহাব আহমেদ সিরাজী বলেন, বস্তির নারী ও কিশোরীদের সাহসী করে তোলার জন্য এ খেলার আয়োজন করা হয়েছে। পুরুষ পারলে নারীও একই কাজ করতে পারেন, তা প্রমাণ করাই ছিল এর উদ্দেশ্য।