বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্তির আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকেরা  প্রথম আলো
বস্তির আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকেরা প্রথম আলো

রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের জনতা হাউজিং এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে একটি বস্তির শতাধিক ঘর পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও বস্তিবাসীরা জানান, দুপুর ১২টার দিকে সিটি পল্লি নামের ওই বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বাঁশ, কাঠ ও টিনের চালা দিয়ে তৈরি পাশাপাশি ঘরগুলো একের পর এক আগুনে পুড়ে যায়। ওই এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উৎসুক জনতার ভিড়ে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। পরে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সরিয়ে দেয়। একপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে নির্বাপণের কাজে কিছুটা ব্যাঘাত ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তিবাসীরা প্রথমে বালতি ও কলসিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা অঞ্চল) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তদন্ত শেষে আগুন লাগার কারণ নিশ্চিত করে বলা যাবে।
বস্তিবাসীরা জানান, এই বস্তির বাসিন্দাদের বেশির ভাগ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। তাঁদের অধিকাংশ কাজে বাইরে থাকায় আগুনের হাত থেকে শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেননি। হাঁড়ি-পাতিল, আসবাবসহ সবকিছুই পুড়ে গেছে।
আগুন নেভানোর নামে অনেকে মালামাল লুটপাট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন কেউ কেউ।
চোখের সামনে সর্বস্ব পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন বস্তিবাসীরা। আগুন নেভার পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকেই ধ্বংসস্তূপের ভেতর তাঁদের মালপত্র খুঁজতে থাকেন। অনেকেই বিলাপ করেন, তাঁদের শেষ আশ্রয়টুকু হারাতে হলো। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।
ক্ষতিগ্রস্ত হিরণা বেগম বলেন, তিনি সকালেই বাসা থেকে বেরিয়ে যান। আগুন লাগার খবর শুনে বাসায় ফিরে দেখেন, তাঁর ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বস্তিবাসী শহীদুল ইসলাম জানান, নিজে কোনোমতে বাসা থেকে বের হতে পারলেও মালামাল বের করতে পারেননি। চোখের সামনে মালপত্র সব পুড়ে গেলেও হাহাকার করা ছাড়া কিছুই করার ছিল না।
সন্ধ্যায় পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, রাতে পুলিশ কমিশনার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে খাবার ও কম্বল বিতরণ করবেন। তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
পাঁচ বছর আগে জনতা হাউজিংয়ের এই বস্তিতে আগুনে অর্ধশতাধিক ঘর পুড়েছিল। গত শনিবার মগবাজারের মধুবাগের ঝিলপাড় বস্তিতে আগুনে তিন শতাধিক ঘর পুড়ে যায়। ওই আগুনে ঘুমন্ত এক শিশু দগ্ধ হয়ে মারা যায়।