বস্তির শিশুদের পুষ্টি পরিস্থিতি খারাপ

দেশের সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের বস্তিগুলোতে পাঁচ বছরের কম বয়সী ৪০ শতাংশ শিশু খর্বকায়। বয়সের তুলনায় তাদের উচ্চতা কম। এদের মধ্যে ১৫ শতাংশ আবার মারাত্মক খর্বাকৃতির। পুষ্টির অভাবই এর মূল কারণ। তবে সিটি করপোরেশনভুক্ত সাধারণ এলাকায় পরিস্থিতি কিছুটা ভালো, ২৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের চাইল্ড ওয়েল-বিয়িং সার্ভে ইন আরবান এরিয়াস অব বাংলাদেশ ২০১৬ শীর্ষক জরিপে দেশের শহরের বস্তিগুলোতে শিশুদের এই পুষ্টিচিত্র উঠে এসেছে।
২০১৬ সালের নভেম্বরে এই জরিপের প্রধান প্রধান দিক প্রকাশিত হয়েছিল। ময়মনসিংহ বাদে বাকি সাতটি বিভাগীয় শহরে ২০ হাজার ১৩৪টি পরিবারের মধ্যে জরিপটি চালানো হয়। এতে ৭ হাজার ৫২১ জন মা অথবা লালন-পালনকারীর সাক্ষাৎকার নেওয়া হয়।
জরিপের বিস্তারিত তথ্য থেকে জানা যায়, সিটি করপোরেশনের বস্তিতে পাঁচ বছরের কম বয়সী ৩১ শতাংশ শিশুর ওজন কম। এর মধ্যে ৮ শতাংশের অবস্থা বেশি নাজুক। এ ছাড়া, এ বয়সী শিশুদের ১২ শতাংশ রোগা। অবশ্য বস্তিতে ৩ শতাংশ স্থূলকায় শিশুও আছে।
পুষ্টিবিশেষজ্ঞরা বলছেন, অপুষ্টির স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতিকর দিক রয়েছে। অপুষ্টির কারণে শিশুরা অসুখ-বিসুখে বেশি ভোগে। এতে তাদের জন্য পরিবার ও সরকারের খরচ বেড়ে যায়। তাদের প্রতি বাড়তি মনোযোগ দিতে হয়। শিক্ষা থেকে তাদের ঝরে পড়ার হার বেশি থাকে। এ ছাড়া, তাদের কর্মদক্ষতাও কম থাকে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৪ সালের বস্তিশুমারি অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশনে মোট বস্তির সংখ্যা ৩ হাজার ৩৯৪। এর মধ্যে ঢাকা উত্তরে ১ হাজার ৬৩৯ এবং ঢাকা দক্ষিণে ১ হাজার ৭৫৫টি বস্তি। দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও শহরাঞ্চলে এ শুমারি করা হয়।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের কুমিল্লা বস্তিতে গিয়ে দেখা গেছে, তিন শিশু মাটিতে বসে ‘রান্নাবান্না’ খেলছে। তাদের সবার বয়স কম-বেশি তিন বছর। সবারই জিরজিরে শরীর, শরীরের তুলনায় পেট বড়। এই শিশুদের একজন সুমাইয়া আক্তার। তার বয়স সাড়ে তিন। এই শিশুটির মায়ের শারীরিক অবস্থাও ভালো নয়।
সুমাইয়ার মা আয়শা খাতুন প্রথম আলোকে জানান, তাঁদের খাদ্যতালিকায় বেশির ভাগ সময় থাকে সবজি ও শুঁটকি। মাছ থাকে খুব কম। থাকলেও পাঙাশ বা তেলাপিয়া মাছ। মাংস, দুধ বা ফলমূল খাওয়া তেমন হয় না।
পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তার কথা জানালে আয়শা খাতুন বলেন, ‘চাউল-ডাইল কেনতে পারি না। পোলাপানরে পুষ্টি খাওয়ামু ক্যামনে।’
২০১৭ সালে প্রকাশিত ‘অ্যান অ্যাসেসমেন্ট অন কাভারেজ অব বেসিক সোশ্যাল সার্ভিস ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপ প্রতিবেদন বলছে, বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্যনিরাপত্তায় বেশ অগ্রগতি হয়েছে। তবে দেশের সার্বিক পুষ্টিচিত্র সন্তোষজনক নয়। উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোরী ও নারী এখনো অপুষ্টিতে ভুগছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, বিবিএস, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এবং ইউনিসেফের যৌথভাবে করা এই জরিপের ফলাফলে বলা হয়েছে, শিশুদের অপুষ্টির পেছনের মূল কারণ অপর্যাপ্ত বুকের দুধ খাওয়ানো এবং সম্পূরক খাবার, খাদ্যতালিকায় বৈচিত্র্যের অভাব ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস।
আগারগাঁওয়ের কুমিল্লা বস্তির সুমাইয়া আক্তারও তেমন মায়ের দুধ খেতে পারেনি। মা আয়শা খাতুন ছুটা বুয়ার কাজ করেন। সকাল থেকে শেষ বিকেল পর্যন্ত তিনি বাইরেই থাকতেন। বাচ্চা হওয়ার পরে ছুটি পেয়েছেন এক সপ্তাহের কম।
বস্তিতে শিশুদের পুষ্টিচিত্র দেশের সার্বিক পুষ্টিচিত্রের থেকে খারাপ। এর কারণ হিসেবে ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাউসার আফসানা বলেন, অপুষ্টির পেছনে খাদ্য অবশ্যই একটি বড় কারণ। তবে বাংলাদেশের বস্তিতে অপুষ্টির অন্যতম কারণ সংক্রামক রোগ। আর এ জন্য বস্তির নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশই দায়ী। এ ছাড়া, খাদ্যের অভাবের পাশাপাশি খাদ্যাভ্যাসের ফলেও শিশুরা অপুষ্টিতে আক্রান্ত হয়।
অপুষ্টির কারণে আর্থিক ক্ষতিও কম নয়। ২০১২ সালে প্রকাশিত ‘বাংলাদেশ প্রোফাইল এবং পুষ্টিমান নির্ণায়ক কারিগরি প্রতিবেদন’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, অপুষ্টির কারণে প্রতিবছর বাংলাদেশের আর্থিক ক্ষতি সাত হাজার কোটি টাকা। উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে এটি একটি অন্যতম বাধা। বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির যৌথ উদ্যোগে গবেষণাটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট।
এই প্রতিবেদনটিতে অর্থনৈতিক লাভ-ক্ষতির নির্ণায়ক হিসেবে অপুষ্টিজনিত মৃত্যুহার, অসুস্থতা, স্কুলে অনুপস্থিতি, এর ফলাফল, অর্থনৈতিক উৎপাদনশীলতা বোঝানো হয়েছে। আর অপুষ্টিতে ভোগা শিশুরা খর্বকায়, রোগা, কম ওজন, রক্তস্বল্পতা, আয়োডিন ঘাটতি ও ভিটামিন ‘এ’-এর অভাবে ভোগে। এতে শিশুরা মারা যাওয়ার পাশাপাশি সংক্রমণজনিত এবং ক্রনিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।
বেসরকারি প্রতিষ্ঠান অ্যালাইভ অ্যান্ড থ্রাইভের এদেশীয় প্রতিনিধি ড. জেবা মাহমুদ বলেন, মায়ের অন্তঃসত্ত্বার সময় থেকে শিশুর দুই বছর পর্যন্ত নির্দিষ্ট খাদ্য নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। যেহেতু বস্তিতে নিম্ন আয়ের মানুষ বাস করে, সে জন্য সন্তান নেওয়ার আগেই পরিবারকে একটু সঞ্চয়ী হতে হবে। আর এ বিষয়ে সচেতনতার কাজটি করবে যাঁরা বস্তিতে মা ও শিশুর পুষ্টি নিয়ে কাজ করেন। তবেই বস্তিতে শিশুদের পুষ্টিচিত্র কিছুটা পরিবর্তন হবে।
বস্তিতে সরকারের পুষ্টিবিষয়ক কার্যক্রম জানতে যোগাযোগ করা হয় জাতীয় পুষ্টি কর্মসূচির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, শহরের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ মন্ত্রণালয়সহ বিভিন্ন দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান বস্তিতে পুষ্টি নিয়ে বিভিন্ন প্রকল্প চালাচ্ছে। তবে এখনো বস্তির পুষ্টিচিত্র ভালো নয়।
মোস্তাফিজুর রহমান আরও বলেন, বস্তি এলাকা তাদের আওতাধীন না হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পুষ্টি নিয়ে কোনো কার্যক্রম সেখানে নেই। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে পুরো শহরে ‘নগর পুষ্টি’ নামে একটি প্রকল্প শুরুর পরিকল্পনা করছে, যাতে বস্তির শিশুরাও উপকৃত হবে।