চট্টগ্রামে ৮২ শতাংশ বস্তিবাসী শিশুকে পরিবারের সহায়তায় কাজে নামতে হয়। ৬৬ শতাংশ কর্মজীবী শিশু দিনে ১০ ঘণ্টার বেশি কাজ করে। অথচ বস্তিবাসী শিশুদের অধিকাংশ এখনো শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত হচ্ছে। বিশেষ করে পরিবার ও কর্মক্ষেত্রে তারা এসব শাস্তির সম্মুখীন হয়। ‘শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি’ বিষয়ে বেসরকারি সংগঠন ‘মমতা’র করা এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে।
গতকাল সোমবার নগরের জামালখানে অবস্থিত চিটাগাং সিনিয়রস ক্লাব মিলনায়তনে এ সমীক্ষার ফলাফল উপস্থাপন করা হয়। একই সঙ্গে সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে ‘শিশুর শারীরিক ও অবমাননাকর শাস্তির বিরুদ্ধে সুরক্ষা’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়।
১০০টি বস্তি, বিভিন্ন স্কুল ও কর্মক্ষেত্রে এ সমীক্ষা চালানো হয়। পরিবার ও কর্মক্ষেত্রে শিশুদের ওপর শাস্তি না কমলেও স্কুলে শিশুদের ওপর শাস্তির পরিমাণ অনেকটা কমেছে বলে সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষায় দেখা যায়, ৮০ শতাংশ শিশু পরিবারে ও ৭৪ শতাংশ শিশু কর্মক্ষেত্রে প্রতিনিয়ত দুর্ব্যবহারের শিকার হচ্ছে।
সমীক্ষার ফলাফল উপস্থাপন ও প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম।
তিনি বলেন, স্কুল, বাসস্থান ও কর্মক্ষেত্রে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি থেকে সুরক্ষা নিশ্চিত করে তাদের মননশীল বিকাশে সমন্বিত কর্মসূচি বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের শিশু সুরক্ষা পরিচালক নাওমি ক্যানাঙ্গারা, চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী ও চট্টগ্রামের পুলিশ সুপার মুহাম্মদ মুসলিম।