বস্তির ৭৫ শতাংশ পরিবারই বিশুদ্ধ পানি পান করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সিটি করপোরেশনের বস্তিগুলোতে ৭৫ শতাংশ পরিবার বিশুদ্ধ পানি পান করে না। পাশাপাশি ৮০ ভাগ পরিবার অনুন্নত শৌচাগার ব্যবহার করে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের একটি যৌথ খানা জরিপে এমন চিত্রই উঠে এসেছে। ‘চাইল্ড ওয়েলবিইং সার্ভে ইন আরবান এরিয়াস অব বাংলাদেশ ২০১৬’ শীর্ষক জরিপটি গত বছরের নভেম্বর মাসে জরিপের মূল বিষয়গুলো প্রকাশিত হয়।
হাত পনেরো পাকা জায়গা। সেখানে কলসি-বালতি নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে জনা দশেক নারী-শিশু। এর অন্য পাশেই তিনজন গোসল করছে; দুই নারী কাপড় কাচছেন। এটি রাজধানীর আগারগাঁও কুমিল্লা বস্তির চিত্র।
বস্তিবাসীর ভাষ্যমতে, এখানে কমপক্ষে ২০০ পরিবারের বাস। কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই। এই বস্তিরই কয়েক ব্যক্তি বস্তির বাইরে থেকে মোটর দিয়ে পানির ব্যবস্থা করেছেন। সেই পানি দুই টাকা কলসি দরে বিক্রি করেন তাঁরা; গোসল পাঁচ টাকা, কাপড় ধোয়া ৫-১০ টাকা। কেনা পানি দিয়েই সব কাজ সারতে হয় এই বস্তির বাসিন্দাদের।
আগারগাঁও কুমিল্লা বস্তি, রায়েরবাজার বস্তি ও মোহাম্মদপুরের লাউতলা বস্তি ঘুরে দেখা যায়, বস্তির বাসিন্দারা সরকারি ট্যাপ বা এ রকম কোনো উৎস থেকে পানি ব্যবহার করে। লাউতলা বস্তিতে অবশ্য একটি নলকূপ দেখা গেছে।
বস্তিবাসীরা জানেন, ট্যাপের পানি খাওয়া নিরাপদ নয়। কুমিল্লা বস্তির হাসিনা বেগম বলেন, ‘পানিতে শেওলা থাহে, গন্ধ। এডা খাওয়া শরীলের জন্য ভালা না, তা-ও খাই।’ আরেক নারী আমেনা বেগম বলেন, ‘রান্দনের লাকড়ি জোগাড় করনের ট্যাহা নাই। পানি ফুডাইমু ক্যামনে।’
এ কারণে বস্তির শিশুদের মধ্যে পানিবাহিত রোগ ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড লেগেই থাকে বলে জানালেন তাঁরা। রায়েরবাজার বস্তির সীমা বেগমের পাঁচ ও তিন বছর বয়সী দুটি ছেলে রয়েছে। সীমা বলেন, ‘এমন কোনো মাস নাই ওগো প্যাডের অসুখ হয় না।’
জরিপের তথ্য অনুযায়ী, বস্তির ৮০ ভাগ পরিবার অনুন্নত শৌচাগার ব্যবহার করে। একক শৌচাগার ব্যবহারের সংখ্যাও হাতে গোনা। বস্তিগুলো ঘুরে দেখা যায়, একটি শৌচাগার কমপক্ষে ১০টি পরিবার ব্যবহার করে। অনেক জায়গায় এই সংখ্যা বিশও ছাড়িয়ে যায়। এখানকার শৌচাগারগুলো সেমিপাকা; অপরিচ্ছন্ন ও দুর্গন্ধে ভরা।
বস্তিতে শৌচাগারের সামনে সব সময়ই লাইন থাকে, বিশেষ করে সকালে। এমনকি এর সামনে ঝগড়াঝাঁটি নিত্যনৈমিত্তিক ঘটনা। শৌচাগারে কেউ বেশি সময় নিলেই শুরু হয়ে যায় চিৎকার-চেঁচামেচি। এ মাসের প্রথম দিকেই এ নিয়ে হাতাহাতির একপর্যায়ে মাথা ফেটে যায় লাউতলা বস্তির এক ব্যক্তির। বাচ্চারা অনেক সময় শৌচাগারের বাইরেই কাজ সেরে থাকে।
এ বিষয়ে জরিপটির প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক বলেন, এখনো বস্তি এলাকায় বিশুদ্ধ পানি বা স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের হার সন্তোষজনক নয়। তবে এ চিত্র আগের চেয়ে কিছুটা ভালো।
বস্তিতে শৌচাগারে সাবান রাখার বিষয়টি চিন্তা করাও বিলাসিতা। জরিপ বলছে, বস্তির শতকরা ৬৫ শতাংশ পরিবারে হাত ধোয়ার সাবান বা পরিষ্কারক কিছু রাখার নির্দিষ্ট কোনো স্থান নেই। শিশুদের দেখা যায়, শৌচাগার থেকে বের হয়েই খেলতে দৌড়। রায়েরবাজার বস্তির আট বছরের শামীম হোসেন বলে, ‘খাওনের আগে হাত ধুই।’ সে সময় সাবান ব্যবহার করে কি না, জানতে চাইলে বলে, ‘না। তয় গোসলের সময় সাবান দেই।’
আন্তর্জাতিক সংগঠন ওয়াটার এইডের বাংলাদেশীয় প্রধান খায়রুল ইসলাম বলেন, বস্তিবাসীদের পানি সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আছে। এর সমাধানে সরকারি এবং বেসরকারি উদ্যোগ জরুরি ভিত্তিতে দরকার।
জরিপে দেখা যায়, বস্তির মাত্র ৩৫ শতাংশ মানুষ টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়। খায়রুল ইসলাম বলেন, স্যানিটেশন বস্তির একটি বড় সমস্যা। এর সঙ্গে মানবস্বাস্থ্য সরাসরি সম্পৃক্ত। জরিপেই দেখা যায়, বস্তিবাসীদের মধ্যে এক-তৃতীয়াংশই খর্বকায়। এখন এই সমস্যাটির দিকে নজর দেওয়ার সময় এসেছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা এনায়েত হোসেন মনে করেন, বস্তিতে এ ধরনের সমস্যা থাকা ঠিক নয়। এর সমাধান দরকার। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও সহায়তা করতে পারে বলে মত দেন তিনি।