বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আতাউস সামাদ
বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ নিরপেক্ষ ছিলেন না। তিনি ছিলেন মানুষের পক্ষে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি এ দেশের উজ্জ্বল দৃষ্টান্ত।
বিশিষ্ট এই সাংবাদিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এভাবে তাঁকে মূল্যায়ন করেন। সাংবাদিক আতাউস সামাদ স্মৃতি পরিষদ গত শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ওই সভার আয়োজন করে। এক সময়কার সহকর্মী, সুহৃদ ও সাংবাদিকেরা আতাউস সামাদের বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা ও স্মৃতিচারণা করেন।
আতাউস সামাদের শিক্ষক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্র হিসেবে তাঁকে যেমন দেখেছিলাম, আমৃত্যু সেভাবেই দেখেছি। তবে আতাউস সামাদ আমার বন্ধু হয়ে উঠেছিলেন। যদিও আমি ছিলাম তাঁর অনুরাগী ও ভক্ত।’
অসুস্থ শরীরে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কথাসাহিত্যিক শওকত আলী। তিনি বলেন, আতাউস সামাদের মতো মানুষ এই সমাজে খুবই কম আছে। তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, মাথা থেকে পা পর্যন্ত সৎমানুষ ছিলেন আতাউস সামাদ। দেশে গণতন্ত্র বলে কিছু নেই—এমন মন্তব্য করে প্রবীণ ওই রাজনীতিবিদ বলেন, এই সময়ে সত্য কথা বলার জন্য তাঁর মতো মানুষের দরকার ছিল।
সাংবাদিক শফিক রেহমান বলেন, ধর্মীয় মূল্যবোধ সৎ সাংবাদিকতা করতে আতাউস সামাদকে উদ্বুদ্ধ করেছিল। দেশের চলমান অস্থির সময়ে তাঁর মতো সাহসী সাংবাদিকের খুব প্রয়োজন।
সভাপতির বক্তব্যে নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তাঁর জুড়ি ছিল না। তিনি জীবনভর সুনাম বজায় রেখে সাংবাদিকতা করেছেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এখনকার শ্বাসরুদ্ধকর অবস্থায় সাংবাদিকদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আতাউস সামাদকে অনুসরণ করে সাংবাদিকদের সেই প্রত্যাশা পূরণ করতে হবে।
স্মরণসভার সঞ্চালক ছিলেন বিএফইউজের একাংশের সভাপতি শওকত মাহমুদ। সভায় বক্তব্য দেন কবি ফরহাদ মজহার, সাপ্তাহিক হলি ডে সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন, দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামান, আমাদের অর্থনীতির সম্পাদক নাঈমুল ইসলাম খান, সাংবাদিক নেতাদের মধ্যে রুহুল আমিন গাজী, এম এ আজিজ, আবদুস শহীদ ও জাহাঙ্গীর আলম প্রধান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।