বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন
জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান শিরীন শারমিন চৌধুরী।
গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ আহ্বান জানান।
স্পিকার শিরীন শারমিন বলেন, ‘গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে যাবেন।’
স্পিকার বলেন, ‘সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জনমত গঠিত ও প্রভাবিত হয়। শুধু বিভাগীয় বা জেলা শহরগুলোতেই নয়, বরং উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলেও সাংবাদিকেরা কাজ করে যাচ্ছেন। এসব সাংবাদিকের পেশাগত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য তথ্যপ্রযুক্তি-সুবিধা নিশ্চিত করাসহ দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। নারী সাংবাদিকদেরও সমান সুযোগ দিতে হবে।’
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া।