বস্তুনিষ্ঠতা বজায় রেখে সমালোচনা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন l ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন l ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তুনিষ্ঠতা বজায় রেখে তাঁর সরকারের বিরুদ্ধে সব ধরনের সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের হাতে কলম রয়েছে, যা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত হবে না। আপনাদের সতর্ক থাকতে হবে, যাতে আপনাদের লেখনীতে দেশের অগ্রগতি থেমে না যায় এবং শত্রুরা সুযোগ না পায়।’
প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে ১৭৭ জন দুস্থ সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয় আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তিনি সমালোচনায় ভয় পান না। বরং সমালোচনা তাঁকে ভালো-মন্দ বুঝতে সাহায্য করে। তবে দেশ ও জনগণের ক্ষতি করে এমন সমালোচনা গ্রহণযোগ্য নয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিক কমিউনিটির কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি হিসেবে সরকার ব্রডকাস্ট পলিসি-২০১৪ গঠন করেছে এবং অতি দ্রুত সময়ে ব্রডকাস্ট কমিশন অ্যাক্ট প্রণয়ন করা হবে।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন জাতীয় সংসদে তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও তথ্যসচিব মরতুজা আহমেদ। ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকেরা।
১৭৭ জনের মধ্যে ৬৩ জন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। অবশিষ্ট চেক সাংবাদিক ইউনিয়নের সংশ্লিষ্ট শাখা বা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে। অসুস্থ, অসচ্ছল ও আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের জন্য প্রণীত নীতিমালার আওতায় গঠিত আর্থিক সহায়তা তহবিল থেকে এ অনুদান দেওয়া হয়।
সাংবাদিকদের আর্থিক দুর্দশা বিবেচনা করে সরকার একটি স্থায়ী কল্যাণ ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে সমালোচনা সত্ত্বেও তাঁর সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য এই সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ট্রাস্ট কার্যক্রম চালুর জন্য সরকারের পক্ষ থেকে ‘সিড’ মানি দেওয়ার আশ্বাস দেন এবং তিনি ট্রাস্টে তহবিল সরবরাহের জন্য দানশীল ব্যক্তি এবং সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার মালিকদের প্রতি আহ্বান জানান।
সাংবাদিকদের আবাসন সমস্যার সমাধান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, হাইয়ার পারচেস ভিত্তিতে সাংবাদিকদের মাঝে ফ্ল্যাট বরাদ্দের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে।