বস্তুনিষ্ঠতা বজায় রাখায় এখনো জনপ্রিয় বিবিসি বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিবিসি বাংলার ভূমিকা অবিস্মরণীয়। সে সময় যেভাবে গণমাধ্যমটি ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য উপস্থাপন করেছে, এখনো এটি সেই ধারা অব্যাহত রেখেছে। গণমাধ্যমের বিস্তারের পাশাপাশি একপেশে সংবাদ পরিবেশনের প্রবণতা বেড়েছে কিন্তু বিবিসি বাংলা তার নিরপেক্ষতা, তথ্যবহুল প্রতিবেদন, বৈচিত্র্যময় অনুষ্ঠান ও পেশাদারত্বের জন্য গণমানুষের কাছে এখনো জনপ্রিয়।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিবিসি বাংলার হীরকজয়ন্তী উপলক্ষে ‘বিবিসি ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ১৯৪১ সালের ১১ অক্টোবর বিবিসিতে প্রতি সপ্তাহে বাংলায় ১৫ মিনিটের একটি অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বিবিসি বাংলার যাত্রা শুরু। এর ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বিবিসি বাংলা যৌথভাবে আলোচনা সভাটির আয়োজন করে।
সভার উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তথ্যে সত্যনিষ্ঠতা ও সংবাদে বস্তুনিষ্ঠতার জন্য এখনো গ্রামগঞ্জের মানুষ বিবিসি বাংলা শোনে। গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, বিবিসি বাংলা এমন একটি গণমাধ্যম, যেখানে সত্যিকার অর্থে গণমানুষ তাঁর মতামত দিতে পারেন। ‘বিবিসি বাংলা এবং ১৯৭১’ বিষয়ে সাংবাদিক আফসান চৌধুরী বলেন, বিবিসি বাংলার বিশ্বাসযোগ্যতা প্রথম থেকেই ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সময় তা আরও সুদৃঢ় হয়েছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সরকারের সবচেয়ে সফল অংশ ছিল। কিন্তু বিবিসি বাংলার ভূমিকাও কম নয়। এ সময় বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তাফা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি দেশের বিভিন্ন ঘটনায় বিবিসি বাংলার ভূমিকা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরী বক্তব্য দেন।