বস্তুনিষ্ঠতার প্রতীক ছিলেন সাংবাদিক আতাউস সামাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সাংবাদিক আতাউস সামাদ সব সময় সত্যের সন্ধানে ছুটে বেড়াতেন। তিনি সত্যতা যাচাই করার শিক্ষা দিয়ে গেছেন। বস্তুনিষ্ঠতার প্রতীক ছিলেন তিনি। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে স্মরণসভায় বক্তারা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের পুরোনো সিনেট ভবনে ওই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘ষাটের দশকে একদল উৎসাহী তরুণ সাংবাদিকতাকে পেশা হিসেবে নিয়েছিল। আতাউস সামাদ ছিল তাদের একজন।’ উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আতাউস সামাদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক। শিক্ষার্থীদের প্রভাবিত করার মাধ্যমে সাংবাদিকতাকে প্রভাবিত করেছেন তিনি। অধ্যাপক সাখাওয়াত আলী খান বলেন, সাংবাদিকতার শুরুতে বাংলা ও ইংরেজি দুটোতেই দক্ষতা দেখিয়েছেন আতাউস সামাদ। অতি সাধারণ জীবন যাপন করতেন তিনি। বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন গীতি আরা নাসরীন, শেখ আবদুস সালাম, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, আতাউস সামাদের ভাই আতিকুস সামাদসহ বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক এস এম শামীম রেজা। আতাউস সামাদ গত ২৬ সেপ্টেম্বর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।