বহদ্দারহাট উড়ালসড়কের ব্যয় বাড়ল ১৪ কোটি টাকা
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন বহদ্দারহাট উড়ালসড়কের নির্মাণ-ব্যয় ১৪ কোটি টাকা বেড়ে ১২০ কোটি টাকায় উন্নীত হয়েছে। গতকাল সোমবার সিডিএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে আরও পাঁচ কোটি টাকা দাবি করেছেন সেনা কর্মকর্তারা।বহদ্দারহাট উড়ালসড়কের বাকি কাজ হচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। কাজ তত্ত্বাবধানের ফি হিসেবে তাঁরা এ অর্থ চেয়েছেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের (এসওডব্লিও) ব্রিগেডিয়ার জেনারেল সামসুল আলম খানের নেতৃত্বে একদল কর্মকর্তা সিডিএর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বাকি নির্মাণকাজ তদারকির জন্য পাঁচ কোটি টাকা ফি দাবি করেন। এ সময় সিডিএর চেয়ারম্যান সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। জানতে চাইলে সিডিএর প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করতে আসেন। এ সময় তাঁরা উড়ালসড়ক নির্মাণকাজের তদারকির জন্য পাঁচ কোটি টাকা চেয়েছেন।’সিডিএ সূত্র জানায়, ২০১০ সালের ১ ডিসেম্বর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ উড়ালসড়কের নির্মাণকাজ যৌথভাবে শুরু করে মীর আখতার-পারিসা এন্টারপ্রাইজ। তবে শুরুর দিকে কেবল পারিসাই কাজ চালিয়ে যায়। গত ২৪ নভেম্বর নির্মাণকাজ চলাকালে তিনটি গার্ডার ধসে পড়লে ১২ জন মানুষ নিহত হয়। গত ১২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর তত্ত্বাবধানে অবশিষ্ট নির্মাণকাজ শুরু করে মীর আখতার এন্টারপ্রাইজ। ওই দিন থেকে নির্মাণকাজ তত্ত্বাবধানে সেনাবাহিনী মোতায়েন করা হয়।