বহদ্দারহাটে হঠাৎ বৈদ্যুতিক খুঁটি দুটি হেলে পড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় নালার প্রতিরোধ দেয়াল ধসে ও সড়কের মাটি দেবে যাওয়ায় দুটি বড় আকৃতির বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে।
এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ওই এলাকায় প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ ছিল না। গতকাল বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।
বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকার রিদম কমিউনিটি সেন্টারের প্রবেশমুখের পাশেই বৈদ্যুতিক খুঁটি দুটির অবস্থান। এগুলোর মাধ্যমে ১১ হাজার ভোল্ট বিদ্যুৎ সঞ্চালিত হয় বলে পিডিবি সূত্রে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসী ও পিডিবির প্রকৌশলী জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নালার প্রতিরোধ দেয়াল নির্মাণ করেছে দুর্বলভাবে। বহুল আলোচিত এম এ মান্নান বহদ্দারহাট উড়ালসড়কের কাজ শেষে দায়সারাভাবে এই প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়। এই উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়া ওয়াসার পাইপ ফেটে অনবরত পানি বেরিয়ে আসছে। এতে সড়কের মাটি নরম হয়ে যায়। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নালার ময়লা-আবর্জনা পরিষ্কার ও পুনঃখননের জন্য নরম হয়ে যাওয়া সড়কটি ব্যবহার করে। স্ক্যাভেটর চলাচল করায় সড়ক আরও দেবে যায়। এসব কারণে বৈদ্যুতিক খুঁটির মাটিও সরে যায়।
মোহাম্মদ নাইম নামের স্থানীয় বাসিন্দা জানান, গতকাল সকাল আটটার দিকে হঠাৎ করে দুটি বৈদ্যুতিক খুঁটি পাশের আসবাবপত্র সামগ্রীর দোকানের ওপর হেলে পড়ে। তবে দোকান বন্ধ থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
পিডিবির নির্বাহী প্রকৌশলী প্রবীর দে প্রথম আলোকে বলেন, ‘বৈদ্যুতিক খুঁটি দুটি সরিয়ে নিয়ে অন্য কোনো স্থানে স্থাপন করার বিকল্প জায়গা নেই। তাই অস্থায়ী ভিত্তিতে টানা দেওয়ার মাধ্যমে বৈদ্যুতিক খুঁটিগুলো ওই জায়গায় পুনঃস্থাপন করা হবে।’