পর পর দুবার দুর্ঘটনায় বহদ্দারহাট উড়ালসড়কের দুই পাশের বাসিন্দা ও দোকানদারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সর্বশেষ গত শনিবারের গার্ডার ভেঙে পড়ার ঘটনায় তাঁরা ভীত হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা উড়ালসড়কটিকে মৃত্যুফাঁদ হিসেবে অভিহিত করে বিশেষজ্ঞদের দিয়ে এর গুণগত মান পরীক্ষা ও সেনাবাহিনীকে দিয়ে বাকি কাজ করানোর পক্ষে মত দেন।সিডিএ সূত্র জানায়, এক দশমিক ৩৩২ কিলোমিটার, আর প্রস্থ ১৪ মিটার বা ৪৬ ফুট প্রস্থের প্রকল্পটি বাস্তবায়নে খরচ হচ্ছে ১০৬ কোটি টাকা। উড়ালসড়কটির দুই পাশে অন্তত হাজার খানেক দোকান রয়েছে। এগুলোর মধ্যে প্রায় ৮০০ দোকান উড়ালসড়কের কারণে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বহদ্দারহাট ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘ওই দিনের দুর্ঘটনাটি পুকুরের দিকে হয়েছে বলে কোনো দোকানের ক্ষতি হয়নি। এখন যেকোনো সময় এটি দোকানের ওপর আছড়ে পড়ে কি না, সেই আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি। ৮০০টি দোকান ঝুঁকির মধ্যে রয়েছে।’সেনাবাহিনীকে দিয়ে অবশিষ্ট কাজ করানোর কথা উল্লেখ করে তিনি জানান, যাঁরা কাজ করছেন, তাঁদের কোনো অভিজ্ঞতা নেই। বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে সেনাবাহিনীর হাতে বাকি কাজের দায়িত্ব দিলে ভালো হয়।বাকি কাজ ও চট্টগ্রামের আরও দুটি উড়ালসড়কের নির্মাণকাজে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার অনুরোধ প্রধানমন্ত্রীকে করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, ‘জানমালের নিরাপত্তা নিয়ে কোনো আপস নয়। সেনাবাহিনীকে দিয়ে বাকি কাজ শেষ করাতে হবে। এ জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব।’সরেজমিনে দেখা গেছে, শনিবারের দুর্ঘটনাটি ঘটেছে বহদ্দারহাট পুকুরপাড়ে। ভেঙে পড়া তিনটির মধ্যে একটি গার্ডার আছড়ে পুকুরে পড়ে। এতে এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি ঘটেছে।দুর্ঘটনাস্থলের উত্তর পাশে ফ্লাওয়ার গার্ডেন নামে একটি ফুলের দোকান। ওই দোকানের মালিক মো. কায়সার বলেন, ‘বিকট শব্দে গার্ডার পড়ে যায়। তখন পুরো এলাকা কেঁপে ওঠে। এভাবে এখানে আর দোকানদারি করা সম্ভব না।’জানা গেছে, এর আগে ২৯ জুন চান্দগাঁও থানার কাছে উড়ালসড়কের একটি গার্ডার ভেঙে রাস্তার ওপর পড়েছিল। তখন এক রিকশাচালক আহত হয়েছিলেন। এরপর ২১ নভেম্বর গার্ডারের একটি অ্যাঙ্গেল খুলে পড়ে নিচে চলাচলকারী দুটি গাড়ির কাচ ভেঙে যায়।পুকুরপাড়ের বাসিন্দা মো. বখতিয়ার বলেন, ‘মসজিদের পাশে আমার একটি সাজসজ্জার দোকান রয়েছে। দোকানটি তো এখন ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এভাবে মৃত্যু হাতে নিয়ে কি চলা যায়?’ এই উড়ালসড়কের প্রথম দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও দোকানিরা মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছিলেন।