কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদি কারামুক্তির পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে রাজকীয় সংবর্ধনা নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে বিমানে করে প্রথমে কক্সবাজার শহরে আসেন তিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে প্রায় ৫০০ গাড়ির বিশাল বহর নিয়ে ৮৬ কিলোমিটার দূরের টেকনাফের উদ্দেশে রওনা দেন তিনি। বহরের কার, মাইক্রোবাস, জিপ, বাসে ছিল তাঁর অনুসারী হাজারো নেতা-কর্মী।
বিমানবন্দর থেকে টেকনাফ পর্যন্ত পথে পথে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর আগমনকে ঘিরে আগেই কক্সবাজার-টেকনাফ সড়কের পথে পথে হাজারো তোরণ নির্মাণ করা হয়। এসব তোরণে তাঁর ছবি ছিল। উখিয়া উপজেলার মরিচ্যা বাজার, কোর্টবাজার, উখিয়া বাসস্টেশন, বালুখালী, পালংখালী, থাইংখালী, টেকনাফের হোয়াইক্যং, মিনাবাজার, কানজরপাড়া, নয়াবাজার, মৌলভীবাজারসহ অন্তত ১৫টি সংবর্ধনা সভায় বক্তব্য দেন সাংসদ বদি। সব কটি সভায় তিনি তাঁর ছেলে শাওন আরমানকে পরিচয় করিয়ে দেন। গতকাল রাত সাড়ে আটটায় তাঁর গাড়িবহর টেকনাফ বাসস্টেশনের পাশে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। সেখানেও সংবর্ধনা সভায় বক্তব্য দেন তিনি।
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য গোপনের দায়ে ২ নভেম্বর ঢাকার একটি আদালত সাংসদ বদিকে তিন বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর সেদিনই তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ২০ নভেম্বর রাতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান।
সাংসদ বদির বহরের কিছু গাড়ি উখিয়ার সংবর্ধনার পর টেকনাফে আসেনি। টেকনাফে ঢোকার সময় তাঁর গাড়িবহরে তিন শতাধিক গাড়ি ছিল। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাংসদ বদি বলেন, ‘যেসব ব্যবসায়ী কর দেন, তাঁরা দুর্নীতিবাজ হতে পারেন না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যেসব ব্যবসায়ীকে আপনার কর্মকর্তারা নোটিশ ও মামলা দিচ্ছেন, তাঁরা নিজেরা সৎ কি না, সেটা খোঁজ নিয়ে দেখেন। তাঁরা কত টাকা দুর্নীতি করে নিচ্ছেন, আমি যদি সেটা প্রমাণ করতে না পারি, সংসদ থেকে পদত্যাগ করব।’
পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরের সঞ্চালনায় সংবর্ধনা সভায় সভায় বক্তব্য দেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন, জহির হোসেন, এইচ এম ইউনুছ বাঙ্গালী, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান নুর আহমদ, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান শাহাজাহান মিয়া প্রমুখ।