বহাল থাকবে ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দিচ্ছেন আরাস্তু খান
বক্তব্য দিচ্ছেন আরাস্তু খান

এর কিছু পরেই আসেন ব্যাংকটির সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। তিনিও সরাসরি ১৬ তলায় যান। প্রথমে চেয়ারম্যানের কক্ষে ও পরে সভাকক্ষে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালকদের নিয়ে সভা করেন সাইফুল আলম। এ সময় ব্যাংকের পরিচালকদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। দেড় ঘণ্টার মতো থেকে চলে যান সাইফুল আলম। ব্যাংকের কয়েকজন পরিচালক তাঁকে গাড়ির দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে যান। সাইফুল আলম চলে যাওয়ার পর চেয়ারম্যান ও পরিচালকদের ফুল দিয়ে বরণ করে নেন ব্যাংকটির বিভিন্ন বিভাগের প্রধানেরা। এরপর ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো আলোচনায় বসেন চেয়ারম্যান আরাস্তু খান, ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমসহ পরিচালনা পর্ষদ।

পরে বেলা তিনটায় এক সংবাদ সম্মেলনে কথা বলেন ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল মতিন। এ সময় নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পরিচালক কাজী শহীদুল আলম ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে আরাস্তু খান বলেন, ব্যাংকে মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। মেধার ভিত্তিতে সব ধর্মের লোকদের নিয়োগের ব্যবস্থা করা হবে। চলতি বছরে একসঙ্গে পাঁচটি বোনাস দেওয়া হবে। বেতন আরও বাড়ানো হবে। ব্যাংকের পর্ষদে কোনো মহিলা নেই। জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যেও কোনো মহিলা নেই। মহিলা কর্মকর্তা বাড়াতে হবে।

ইসলামী ব্যাংক কীভাবে পরিচালিত হবে এ প্রশ্নের জবাবে আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংকের আমানত গ্রহণ, অর্থায়ন সেবা ও বিনিয়োগসহ সব কার্যক্রম শরিয়াহ মোতাবেক সুদবিহীন এবং লাভ-ক্ষতির ভিত্তিতেই পরিচালিত হবে। নিরাপদ ও কল্যাণমুখী খাতে এ ব্যাংকের বিনিয়োগ আরও সম্প্রসারণ করা হবে। এ ব্যাংক শিক্ষা, স্বাস্থ্যসহ আর্তমানবতা ও দুস্থ জনগোষ্ঠীর সেবায় সিএসআর কার্যক্রম পরিচালনা করবে। গ্রাহকদের আমানত সংরক্ষণসহ কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া হবে। ব্যাংকটি যে উদ্দেশ্য নিয়ে যাত্রা করেছে, তার কোনো পরিবর্তন আসবে না।

নতুন পরিকল্পনা প্রসঙ্গে আরাস্তু খান বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হচ্ছে। সরকারের বড় প্রকল্পগুলোতে কীভাবে অর্থায়ন করা যায়, তা নিয়ে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সাংবাদিকেরা ব্যাংকটির নতুন মালিকানা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন। ‘আপনি আরমাডা স্পিনিং মিলের পক্ষে পরিচালক হয়ে চেয়ারম্যান হয়েছেন, আরমাডার মালিক কারা’—এ প্রশ্নের জবাবে আরাস্তু খান বলেন, ‘বাংলাদেশে স্পিনিং খাতের চাহিদা বাড়ছে। ব্যবসাও ভালো।’ তবে প্রতিষ্ঠানটি কার তা বলতে পারেননি তিনি। এ প্রশ্নের জবাব পরে দেবেন বলে জানান তিনি।

ব্যাংকটি এস আলম গ্রুপ কিনে ফেলেছে, গ্রুপটির চেয়ারম্যান সকালেই এসেছিলেন এমন প্রশ্নের জবাবও নতুন চেয়ারম্যান দেননি। তবে ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম এ বিষয়ে বলেন, ‘গ্রুপটির পাঁচ ব্যাংকে শেয়ার আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি ইসলামী ব্যাংকে তাদের কোনো শেয়ার নেই। একটি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গ্রুপটির চেয়ারম্যান দলবল নিয়ে আমাদের চেয়ারম্যানকে ফুল দিয়ে গেছেন। এ ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।’

ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়ন নির্দিষ্ট রাজনৈতিক দলের লোকেরা পেয়েছেন—এ নিয়ে প্রশ্নের জবাবে ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম বলেন, সামাজিক দায়বদ্ধতার টাকা চোখ বন্ধ করে দেওয়া হয়নি, চোখ খুলে দেওয়া হয়েছে। ফলে নির্দিষ্ট কিছু মানুষ সুবিধা পেয়েছে। তিনি বলেন, ‘আমরা আট মাস আগে ব্যাংকে এসেই ২০ শতাংশ বেতন বাড়িয়েছি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয় ও অর্থ মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রশ্নের জবাব দিতে হয়েছে। প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, ব্যাংকটির মাধ্যমে আরও বেশি এসএমই ঋণ দেওয়া হবে। জিডিপিতে ১ শতাংশ ভূমিকা থাকবে ব্যাংকটির।’

আহসানুল আলম আরও বলেন, ‘আমি ব্যাংকে আসার পর দ্বন্দ্বের মধ্যে আট মাস কাটিয়েছি। নির্দিষ্ট জেলার লোকেরা নিয়োগ পেয়েছে। ইসলামী ব্যাংকে রাজনৈতিক ইসলামের চর্চা ছিল, তবে আমরাই প্রকৃত ইসলামি। রাষ্ট্রযন্ত্র আমার মতো নিরীহ অধ্যাপককে ব্যাংকের পরিচালক বানিয়েছে।’ রাষ্ট্রযন্ত্র কী প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র বলতে বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে বোঝানো হয়েছে।

রাজনৈতিক সিদ্ধান্তেই কি পরিবর্তন হলো—এ প্রশ্নের জবাবে নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘ব্যাংকের বড় কোনো পরিবর্তন হয়নি। আগের চেয়ারম্যান ভালো কাজ করেছেন। তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। আর ব্যাংকটির এমডি ছয় মাস আগেই পদত্যাগ করতে চেয়েছিলেন। আমরা অনুরোধ করে তাঁকে ব্যাংকে রেখেছিলাম। ছয়-সাত মাস আগে যে কথা স্বপ্নের মতো ছিল, তা বাস্তব হয়েছে।’

সংবাদ সম্মেলন শেষে অন্য পরিচালকেরা চলে গেলেও কর্মকর্তাদের সঙ্গে নতুন চেয়ারম্যান সন্ধ্যা পর্যন্ত সভা করেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়। নতুন এমডি নিয়োগ দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞাকে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পরে তিনি যোগ দেবেন। 

 এদিকে ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা পরিবর্তনের খবরে ব্যাংকটির শেয়ারে কিছুটা চাঙাভাব দেখা যায়। গতকাল দিনের শুরুতে ৩০ টাকার শেয়ারের দাম ওঠে ৩৩ টাকায়। তবে দিন শেষে সেই দাম আর ধরে রাখতে পারেনি ব্যাংকটি। আগের দিনের চেয়ে ৬০ পয়সা দাম বেড়ে ৩০ টাকা ৬০ পয়সায় দিনের লেনদেন শেষ হয়।