বহিঃসমর্পণ ও বন্দী হস্তান্তর চুক্তি করছে বিমসটেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় চুক্তি অনুসরণ করে এবার বহিঃসমর্পণ ও বন্দী হস্তান্তর চুক্তি সই করতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় অঞ্চলের জোট বিমসটেক। জাতীয় ও আন্তরাষ্ট্রীয় অপরাধ দমনের জন্য বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরীয় উদ্যোগ (বিমসটেক) চুক্তি দুটি সইয়ের উদ্যোগ নিয়েছে।
চুক্তির খসড়ার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, রাজনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি বন্দী প্রত্যর্পণের আওতায় পড়বে না।
‘বিমসটেক কনভেনশন রিলেটিং টু দ্য এক্সট্রাডিশন অব ফিউজিটিভ অফেন্ডারস’ এবং ‘বিমসটেক কনভেনশন অন দ্য ট্রান্সফার অব সেনটেন্সড পারসনস’ নামের দুটি চুক্তির খসড়া তৈরি করেছে ভারত। সদস্যদেশগুলোর মতামতের পর দিল্লিতে সম্প্রতি এক বৈঠকে চুক্তিগুলো প্রায় চূড়ান্ত হয়েছে। আগামী জানুয়ারিতে নেপালে বিমসটেক পররাষ্ট্রসচিবদের বৈঠকে চূড়ান্ত হওয়ার পর জোটের পরবর্তী শীর্ষ সম্মেলনে চুক্তিগুলো সই হতে পারে। আগামী বছরের প্রথমার্ধে নেপালে বিমসটেকের চতুর্থ শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে গঠিত সাত দেশের জোট এক দেশের অপরাধীদের অন্য দেশে পালিয়ে যাওয়া বন্ধ করতে বহিঃসমর্পণ চুক্তি সইয়ের সিদ্ধান্ত নিয়েছে। নানা পন্থায় সীমান্ত পেরিয়ে অপরাধীরা খুব সহজেই নিজের দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায় এবং কখনো কখনো দীর্ঘদিন আশ্রয় নিয়ে থাকে। এ ছাড়া কোনো কোনো অপরাধী এমন সব অপরাধের সঙ্গে জড়িত, যা তাদের অন্য দেশে নেটওয়ার্ক গড়ে তুলতে সাহায্য করে। তাই এসব অপরাধীকে রুখতে বিমসটেকের দেশগুলোর বহিঃসমর্পণ চুক্তি করা জরুরি হয়ে পড়েছে।
বহিঃসমর্পণ চুক্তির খসড়ায় সদস্য রাষ্ট্রগুলোকে একে অন্যকে বন্দী বিনিময়ের অনুরোধ করলে কার কী দায়িত্ব হবে, কোন ধরনের অপরাধ করলে বন্দী বিনিময় করা যাবে, কী করলে বন্দী বিনিময় করা যাবে না, তা স্পষ্ট করে বলা হয়েছে।
বহিঃসমর্পণ চুক্তি ছাড়াও এ সাতটি দেশের কোনো নাগরিক অন্য দেশে সাজাপ্রাপ্ত হলে তারা যাতে নিজের দেশে সাজাভোগের জন্য ফিরে যেতে পারে, সে জন্য সই হবে বন্দী হস্তান্তর চুক্তি। এ চুক্তি করার উদ্দেশ্য হচ্ছে এ জোটের সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং সাজা পাওয়া আসামিদের নিজেদের দেশে পুনর্বাসন করা।
এখন পর্যন্ত সদস্যদেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে বহিঃসমর্পণ ও বন্দী হস্তান্তর এবং থাইল্যান্ডের সঙ্গে বহিঃসমর্পণ চুক্তি সই করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে বিমসটেকের চুক্তি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সদস্যদেশগুলো প্রত্যেকে একে অন্যের সঙ্গে আলাদা আলাদাভাবে এ চুক্তি করার চেয়ে জোটের হয়ে সই করলে তা সবার জন্য বলবৎ হবে। তাই ভারত ও থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় চুক্তিগুলো বিমসটেকের চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হবে না।