কুমিল্লা সরকারি কলেজ প্রাঙ্গণে নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। বহিরাগত ও উত্ত্যক্তকারীদের ঠেকাতে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে শিক্ষক পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজ সূত্র জানায়, কলেজের অধ্যক্ষ নাজনীন রহমান ওই সভায় সভাপতিত্ব করেন। তাঁর কার্যালয়ে এ বৈঠক হয়। সোয়া ঘণ্টাব্যাপী ওই সভায় উপস্থিত সব শিক্ষক বহিরাগত ও উত্ত্যক্তকারীদের ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ উচ্চমাধ্যমিক থেকে স্নাতক (সম্মান ও পাস কোর্স) পর্যন্ত সব শ্রেণিতে নির্ধারিত পোশাক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সব শিক্ষার্থীকে কলেজ প্রাঙ্গণে পরিচয়পত্র নিয়ে প্রবেশ করার জন্য নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কবে থেকে এসব পদক্ষেপ কার্যকর করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গত সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে একাদশ শ্রেণির এক ছাত্রীকে কুমিল্লা নগরের বিষ্ণুপুর এলাকার বহিরাগত যুবক মো. সাকিব চড় মারে। এর আগেও ক্যাম্পাসে বহিরাগতদের দুই পক্ষের দ্বন্দ্বে ছুরিকাঘাতে নগরের ছোটরা এলাকার আপেল নামের এক যুবক নিহত হন।
গতকালের সভায় বক্তব্য দেন কলেজশিক্ষক পরিষদের সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ।