বহিরাগত ঠেকাতে যানবাহনে স্টিকার বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগতদের মোটরসাইকেল ও অন্য যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল রোধ করতে স্টিকার ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কয়েক দিন ধরে বিভিন্ন যানবাহনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে স্টিকার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের গাড়িতে স্টিকার লাগিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বিভিন্ন সময় বহিরাগত দুষ্কৃতকারীরা মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে দ্রুত পালিয়ে যায়। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং দুষ্কৃতকারীদের ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেলসহ সব ধরনের গাড়িতে প্রশাসনের দেওয়া নির্দিষ্ট স্টিকার ব্যবহার করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান জানান, স্টিকারবিহীন গাড়িকে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে আটকে দেওয়া হবে। বহিরাগত কেউ বিশেষ প্রয়োজনে গাড়ি নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাকে গেটে সংরক্ষিত খাতায় পরিচয় ও গন্তব্যস্থল লিখে ঢুকতে হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের স্টিকার নিতে পরিচয়পত্র এবং গাড়ির মালিকানার কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া ক্যাম্পাসে গাড়ির গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।