বহিরাগত ঠেকানো ও নিরাপত্তা জোরদার করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের আসা-যাওয়া নিয়ন্ত্রণ ও ভর্তির সময় নিরাপত্তাব্যবস্থা জোরদারে পুলিশকে দুটি চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষা কমিটি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের চলাচল নিয়ন্ত্রণে গতকাল সোমবার সকালে সিলেট মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়েছেন প্রক্টর হিমাদ্রী শেখর রায়। আর ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শুরু হতে যাওয়া ভর্তি কার্যক্রম চলাকালে ক্যাম্পাসে নিরাপত্তা বাড়াতে পুলিশ কমিশনারকে আরেকটি চিঠি দিয়েছে রেজিস্ট্রার দপ্তর।
রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আজ মঙ্গল ও আগামীকাল বুধবার (২৫ ও ২৬ নভেম্বর) ‘বি’ ইউনিট এবং ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি কার্যক্রম চলবে। ভারপ্রাপ্ত উপাচার্য নারায়ণ সাহা ও প্রক্টর হিমাদ্রী শেখর রায় চিঠি দুটি পাঠানোর বিষয় নিশ্চিত করেছেন।
কাজ শুরু করেনি তদন্ত কমিটি: ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও নিজেদের কর্মী সুমন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় এখনো তদন্ত শুরু করেনি সংশ্লিষ্ট কমিটি। ঘটনার দিন গত বৃহস্পতিবারই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
কমিটির আহ্বায়ক মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, কমিটির এক সদস্য দেশের বাইরে থাকায় ও অপর সদস্য সব সদস্যের উপস্থিতি ছাড়া তদন্তকাজ শুরু করতে অনীহা প্রকাশ করায় এটি শুরু করা যায়নি।
প্রধানমন্ত্রীকে খোলা চিঠি: প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি লিখেছেন সংঘর্ষে গুলিবিদ্ধদের একজন হুসাইন মোহাম্মদ সাগর। তিনি ছাত্রলীগের সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি। নিহত সুমনও একই প্রতিষ্ঠানের ছাত্র। সংঘর্ষের দিন সুমন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সাগরের সঙ্গে গিয়েছিলেন।
গত রোববার রাতে সাগরের ই-মেইল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে পাঠানো হয় ওই চিঠি। সাগর প্রথম আলোকে বলেন, ‘ওই দিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রেক্ষাপট, সুমন হত্যাকাণ্ড ও আমাদের বহিরাগত বলে ঘটনা ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা হচ্ছে বলে অসুস্থ অবস্থায় সহকর্মীর মাধ্যমে চিঠি লিখেছি এবং এতে প্রকৃত বিষয় তুলে ধরেছি।’
চিঠিতে তিনি লেখেন, ‘গুলিবিদ্ধ হলাম আমরা। এক সহযোদ্ধাকে সারা জীবনের জন্য হারালাম। আমরা আবার গ্রেপ্তার। তাতেও দুঃখ নেই। এর চেয়ে বড় দুঃখ, আমাদের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ ভাই সত্যিকার ঘটনা না জেনে (যা পত্রপত্রিকায়ও এসেছে) তথ্য বিভ্রাটে প্ররোচিত হয়ে সংবাদ সম্মেলনে বলেন, নিহত সুমন চন্দ্র দাস ছাত্রলীগের কেউ নয়। তখন আর বেঁচে থাকতে ইচ্ছা করে না প্রাণপ্রিয় নেত্রী। আমার মনে হয়, তাঁর নামের সঙ্গে দাস না থাকলে হয়তো তাঁকে শিবিরের কর্মী বলে চালিয়ে দেওয়া হতো।’
চিঠিতে সাগর আরও লেখেন, ‘নেত্রী আমার বন্ধু মারা গেছে, আমরা গুলিবিদ্ধ হয়েছি, পুলিশ নির্যাতন চালাচ্ছে, তাতে কষ্ট নেই। আপনি শুধু সোহাগ ভাইকে একবার বলুন, আমরা ছাত্রলীগের কর্মী, বঙ্গবন্ধুর সৈনিক। আমাদের সেই অধিকারটুকু যাতে উনি কেড়ে না নেন।—বিনীত, হুসাইন মোহাম্মদ সাগর, ছাত্রলীগের একজন কর্মী।’