বহিরাগত নেতারা আজ থেকে প্রচারণায় অংশ নিতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র কিংবা কাউন্সিলর পদের প্রার্থীদের পক্ষে কাজ করতে আসা বহিরাগত নেতারা আজ সোমবার থেকে কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশন থেকে ৩ জুন প্রচারিত এক পরিপত্রে এ-সংক্রান্ত বিধিনিষেধ জারি করা হয়েছিল। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন এই পরিপত্রে সই করেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, পরিপত্রে বলা হয়, ১৪ জুন থেকে চট্টগ্রামের বাসিন্দা নন কিংবা ভোটার নন এমন কাউকে নগরে থাকতে দেওয়া হবে না। গত ১৭ মে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সমন্বয় বৈঠকে গৃহীত সিদ্ধান্তের আলোকে এ ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী প্রথম আলোকে বলেন, ‘বহিরাগতদের চলে যাওয়াসংক্রান্ত নির্দেশনা ভোটার নন চট্টগ্রামের এমন স্থায়ী কিংবা অস্থায়ী বাসিন্দাদের জন্য নয়; বরং ভোটের প্রচারকাজে যাঁরা বাইরে থেকে এসেছেন, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।’নগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আগামীকাল (সোমবার) থেকে কোনো বহিরাগতকে দেখা গেলে আমরা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনামতো আইনগত ব্যবস্থা নেব।’জানা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে প্রচারণা চালাতে দলের কেন্দ্রীয় নেতা ও সাংসদেরা এখন নগর চষে বেড়াচ্ছেন। একইভাবে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম নাগরিক আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমের পক্ষে দলের বিভিন্ন অঞ্চলের সাংসদ ও কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে গণসংযোগে অংশ নিচ্ছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থী ও তাঁর সমর্থকেরা কাল মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ পাবেন। তবে নির্বাচন কমিশনের এই পরিপত্রের কারণে বহিরাগত গণসংযোগকারীদের আজ মধ্যরাতের মধ্যেই চট্টগ্রাম ছেড়ে যেতে হবে।