বহিরাগত বসতি স্থাপনকারীদের পুনর্বাসন বন্ধের দাবি
খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি উপজেলা ও মহালছড়ির সিন্দুকছড়ি ইউনিয়নের ২১ জন হেডম্যান (মৌজাপ্রধান), ১১২ জন কার্বারি (পাড়াপ্রধান), দুজন চেয়ারম্যান ও ৩৪ জন ইউপি সদস্য এক যৌথ বিবৃতিতে রামগড় উপজেলার পিলাভাঙা গ্রামে আদিবাসীর জমি বেদখল এবং বহিরাগত বসতি স্থাপনকারীদের পুনর্বাসন বন্ধের দাবি জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গত ৬ জুন থেকে একটি বিশেষ বাহিনীর কড়া প্রহরায় পূর্ণ চন্দ্র চাকমার বন্দোবস্তি ও ভোগদখলীয় ১০ একর জমিতে বহিরাগতদের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। এখন জমির মালিকসহ কোনো আদিবাসীকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।বিবৃতিতে স্বাক্ষর করেছেন ২২৯ নং রামগড় মৌজার হেডম্যান উষাপ্রু চৌধুরী, ২৩৭ নং নাভাঙ্গা মৌজার হেডম্যান সাচিং চৌধুরী, ২৩৬ নং পরশুরাম ঘাট মৌজার হেডম্যান আশুতোষ রোয়াজা, ২৩৫ নং নাকাপা মৌজার হেডম্যান আপুসু চৌধুরী, ২০৯ নং বড় পিলাক মৌজার হেডম্যান মংশে চৌধুরী, ৩নং হাফছড়ি ইউনিয়নের চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, ৭নং গুইমারা ইউনিয়নের চেয়ারম্যান মেমং মারমা, ২নং পাতাছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মানেন্দ্র ত্রিপুরা, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মানেন্দ্র চাকমা, কার্বারি অ্যাসোসিয়েশনের মানিকছড়ি থানা শাখার সভাপতি উদ্রাসাই কার্বারি প্রমুখ।