‘আদিবাসীরা বসবাস করে না, পার্বত্য চট্টগ্রামের এমন এলাকায় বাঙালিরা থাকলে আপত্তির প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য যে পরিমাণ জমি দরকার, সেটা দখল করলে মানব না।’ গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট চলাকালে এসব কথা বলেন রাঙামাটি জেলার সাজেক থেকে আসা আদিবাসীরা। কর্মসূচির আয়োজকেরা ‘বহিরাগত’ বাঙালিদের সমতলে ফিরিয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সাজেক ভূমি রক্ষা কমিটি ও সাজেক নারীসমাজ (এসএনএস) যৌথভাবে এ অবস্থান ধর্মঘটের আয়োজন করে। পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনার যথাযথ বিচার না হলে ওই এলাকায় অস্থির পরিবেশ দীর্ঘস্থায়ী হবে, এমন আশঙ্কা প্রকাশ করেন নেতারা। সাজেক ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞানেন্দ্র চাকমা বলেন, সেনা উপস্থিতির কারণে সাজেকের আদিবাসীদের সঙ্গে অনেকে কথা বলতে পারেন না। তাই প্রকৃত অবস্থা জানানোর জন্য তাঁরা ঢাকায় এসেছেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ গত সোমবার পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতির পক্ষে যে বক্তব্য দিয়েছেন, অবস্থান ধর্মঘট থেকে তার নিন্দা জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়ে সংহতি জানান।পাহাড়ি ছাত্রপরিষদের সভাপতি অংগ্য মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে অতীতের বিভিন্ন ঘটনায় তদন্ত কমিটি হয়েছে কিন্তু কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তিনি বলেন, ‘এ ধরনের তদন্ত আমরা চাই না।’ সমাবেশে সংহতি প্রকাশ ও বক্তৃতা করেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জাফর হোসেন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের এহতেশাম উদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সামিউল আলম প্রমুখ।