নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় বহিরাগতদের আগমন বাড়তে থাকায় সাধারণ মানুষসহ ভোটারদের মধ্যে শঙ্কা ততই বাড়ছে। ভোটাররা পছন্দের প্রার্থীকে শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান।
গতকাল সোমবার সরেজমিনে কুয়াকাটার কয়েকটি এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন-চার দিন ধরে সেসব এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গেছে। এই বহিরাগতরা আবাসিক হোটেল, বিভিন্ন প্রার্থীসহ তাঁদের আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান নিয়েছেন। ভোটারদের ধারণা, বড় দলগুলোর প্রার্থীরাই নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য এই বহিরাগতদের নিয়ে এসেছেন।
গত রোববার সকালে কুয়াকাটার পাঞ্জুপাড়া গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের সমর্থকদের মধ্যে প্রচার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে বিএনপির কর্মী জাফর হাওলাদার ও আবদুল মন্নান আহত হন। বহিরাগতদের উপস্থিতি ও উসকানির কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন ভোটাররা। এদিকে বহিরাগতদের আনাগোনা নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির (এ) মেয়র প্রার্থীরা সংবাদ সম্মেলন ডেকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
পাঞ্জুপাড়ার বাসিন্দা মো. মজিবুর রহমান বলেন, পরিস্থিতি যে অবস্থায় ঠেকেছে, তাতে মনে হয় কোনো সাধারণ ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। মেলাপাড়া এলাকার রিয়াজ উদ্দিন বলেন, ‘ক্যামনে ভোট দিমু কন! দুই দিন পর ভোট। অথচ প্রকাশ্যে একটি দলের প্রার্থীর পক্ষে মিছিল হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনসহ সবাই তো দেখছে। কোনো পদক্ষেপ তো নিচ্ছে না।’
কুয়াকাটা পৌরসভার কার্যালয় থেকে জানা যায়, ২০১১ সালের ১৯ মে কুয়াকাটা পৌরসভার যাত্রা শুরু হয়। এখানে ভোটার সংখ্যা ৬ হাজার ৮৪৫ জন। প্রথমবারের এই নির্বাচনে মেয়র পদে লড়ছেন পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগের আবদুল বারেক মোল্লা, বিএনপির আবদুল আজিজ মুসুল্লি, জাপার (এ) মো. আনোয়ার হাওলাদার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) রাবেয়া খাতুন এবং ইসলামী আন্দোলনের মো. নুরুল ইসলাম মুসুল্লি।
বহিরাগতদের আগমন প্রসঙ্গে বারেক মোল্লা, আবদুল আজিজ মুসুল্লি ও মো. আনোয়ার হাওলাদারের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, বহিরাগতদের অবস্থান চিহ্নিত করে তা স্থানীয় প্রশাসনসহ নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। প্রশাসন নীরব না থেকে যথাযথ ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি হবে। মানুষের আতঙ্কও কেটে যাবে।
পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ও কুয়াকাটার রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবীর প্রথম আলোকে বলেন, ‘আমরা বহিরাগতের বিষয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থার সঙ্গে বসে কার্যকর ব্যবস্থা নেব। ভোট যাতে অবাধ, শান্তিপূর্ণভাবে হয়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’