কুমিল্লা সরকারি কলেজের প্রায় ছয় হাজার ৩০০ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা বহিরাগতদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। বখাটেরা প্রকাশ্যে কলেজ ক্যাম্পাসে দিনদুপুরে ও রাতের বেলায় মাদক সেবন করে। ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা বিভিন্ন সময়ে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা জানিয়েছেন, নগরের পূর্ব বাগিচাগাঁও, পশ্চিম বাগিচাগাঁও, পুলিশ লাইন, রেসকোর্স ও ছোটরা এলাকার ১৪ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫০ জনের একটি চক্র বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে কলেজে গিয়ে মাস্তানি করে। তারা কলেজের বিজ্ঞানাগারের সামনে দিনে-রাতে গাঁজা ও ফেনসিডিল সেবন করে। ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষের জানালা ও দরজা দিয়ে উঁকি মারে। ছাত্রীদের অকথ্য ভাষায় গালি দেয়। কখনো কখনো সামনে গিয়ে পথ আগলায়। ওই বখাটেরা ছাত্রছাত্রীদের মুঠোফোন ছিনতাই করে নিয়ে যায়। ২০১০ সালের মার্চ মাসে কুমিল্লা শহরের সংখ্যালঘু এক চিকিৎসকের কন্যাকে ক্যাম্পাস থেকে তুলে নেয়। ওই বছরের এপ্রিল মাসে পশ্চিম বাগিচাগাঁও এলাকার বহিরাগতদের সঙ্গে শহর ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। গত ৫ জুলাই আপেল হত্যা মামলার আসামি ও পূর্ব বাগিচাগাঁও এলাকার বাসিন্দা রাসেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুস সালামকে ক্লাস নেওয়ার কারণে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। আবদুস সালামের অপরাধ—জেলা ছাত্রলীগের কমিটি থেকে বঞ্চিত অংশের নেতা-কর্মীদের ডাকা ছাত্রধর্মঘটের দিন ক্লাস নেওয়া। গত ২৫ জুলাই ওই রাসেলই তাঁর এলাকার কলেজছাত্রী আয়েশা আক্তারকে উত্ত্যক্ত করছিলেন। এর প্রতিবাদ জানাতে গিয়ে রাসেল ও অন্য সহযোগীদের হাতে খুন হলেন ছোটরার আপেল। শুধু তাই নয়, কলেজের প্রহরী ইয়াছিন মিয়া, কামাল খান ও বিনোদ চন্দ্র বহিরাগতদের কাছে জিম্মি হয়ে পড়েছেন। কুমিল্লা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এনামুল হক বলেন, অছাত্র ও বহিরাগতরা এখানে এসে ছাত্ররাজনীতি করতে চায়। তাদের কাছে পুরো কলেজ পরিবার জিম্মি হয়ে পড়েছে। কুমিল্লা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. আবদুস সালাম বলেন, ‘কলেজে বহিরাগতদের উৎপাত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আমরা শিক্ষকেরা ভিজিল্যান্স টিমের মাধ্যমে বহিরাগতদের কলেজে আসার জন্য বারণ করি। তার পরও তারা আসছে। আমরা তাদের কাছে অসহায়।’কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘অনেক চেষ্টা করেও বহিরাগতদের রুখতে পারছি না। আমি নিজেও বিভিন্ন সময় প্রশাসনকে এ বিষয়ে অবহিত করেছি।’ কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইলতুৎমিশ বলেন, কলেজ কর্তৃপক্ষ বখাটেদের বিষয়ে অভিযোগ করলে পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। বখাটেপনা ও বহিরাগতদের প্রবেশাধিকার থাকায় কলেজে ওই হত্যাকাণ্ড হয়েছে।