বহিরাগতদের ছোড়া ঢিলে আহত হচ্ছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা। বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নগরের উদ্দেশে ছেড়ে আসা শাটল ট্রেনটি নগরের বিবিরহাট এলাকা পার হচ্ছিল।
শাটল ট্রেনের একটি বগিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। বগিতে ছিলেন আইন অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ওই দিন থেকে শুরু হয়েছে তাঁদের চূড়ান্ত পরীক্ষা। পরীক্ষাও ভালো হয়েছে। তাই আড্ডা ও গানের মধ্য দিয়ে শহরে ফিরছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ বহিরাগতদের ছোড়া একটি ঢিল ট্রেনের জানালার পাশে বসা সাজ্জাদ হোসেনের ডান চোখে এসে লাগে। দ্রুত তাঁকে নেওয়া হলো পাহাড়তলি চক্ষু হাসপাতালে। অপারেশনও হলো। ব্যান্ডেজ করা তাঁর ডান চোখটি আপাতত বন্ধ। গতকাল বন্ধুরা যখন দ্বিতীয় পরীক্ষা দিয়ে ফিরছিলেন, তখন তিনি বাসায় শুয়েছিলেন।
চিকিৎসকেরা বলেছেন, আরও মাস দুয়েক তাঁকে বাসায় বসে কাটাতে হবে। বিভাগ কর্তৃপক্ষ আশ্বস্ত করায় তিনি পরে বিশেষভাবে পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ঘটনায় শাটল ট্রেনে ঢিল ছোড়াদের ধরার ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শুধু সাজ্জাদ নন, বহিরাগতদের ছোড়া ঢিলে শাটল ট্রেনে প্রায় প্রতিদিনই শিক্ষার্থীদের ছোটখাটো আহত হওয়ার ঘটনা ঘটছে। তবে গত বছরের বিভিন্ন সময় ছোড়া ঢিলে তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিলেন।
নগর থেকে বিশ্ববিদ্যালয়ে ও বিশ্ববিদ্যালয় থেকে নগরে প্রতিদিন দুটি শাটল ট্রেন ১২ বার আসা-যাওয়া করে। প্রতিদিন প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী শাটল ট্রেনে করে চলাচল করেন।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শাটল ট্রেনের ছাদে করে কিছু টোকাই শিশুও প্রতিদিন যাতায়াত করে। তারা চলন্ত অবস্থায় ট্রেনের এ বগি থেকে ও বগিতে যাতায়াতও করে। ছাদে যাতায়াত করা এসব টোকাই শিশু ট্রেন চলার সময় রেললাইনের আশপাশে অবস্থানকারীদের উদ্দেশ্য করে অযথা ঢিল ছোড়ে, আবার মাঝেমধ্যে ছাদে অবস্থান করা টোকাইদের উদ্দেশ্য করেও নিচের বহিরাগতরা ঢিল ছোড়ে। তাদের এ পাল্টাপাল্টি ঢিল প্রায় সময়ই গিয়ে পড়ে শাটল ট্রেনের ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের গায়ে। এতে আহত হন শিক্ষার্থীরা। বিশেষ করে নগরের অক্সিজেন এলাকার পর থেকে বটতলী স্টেশন পর্যন্ত এ ঘটনাগুলো ঘটছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ‘বহিরাগতদের ছোড়া ঢিলে আমাদের শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি আমরা শুনেছি। এটি আমরা বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছি। কয়েক দিনের মধ্যেই ঘটনা সংঘটিত হওয়া এলাকাধীন থানাগুলোর সঙ্গে যোগাযোগ করে ঢিল ছোড়াদের থামাতে পুলিশ টহলের ব্যাপারে আলোচনা করব।’