চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে গতকাল শনিবার ছাত্রলীগের কর্মীরা হামলা ও ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাঁরা প্রাধ্যক্ষের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান। বহিরাগত ব্যক্তিদের বের করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়। এর আগে গত শুক্রবার দিবাগত গভীর রাতে মাস্টারদা সূর্য সেন হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আকতার হোসেন প্রথম আলোকে বলেন, আলাওল হলে ভাঙচুর এবং সূর্য সেন হলে সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এসব ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে আলাওল হলে অবস্থানরত বহিরাগত ব্যক্তিদের চিহ্নিত করতে প্রাধ্যক্ষ হোসাইন কবির অভিযান চালান। এ সময় তিনি বিভিন্ন কক্ষ থেকে ছয়জন বহিরাগতকে আটক করেন। এ সময় ছাত্রলীগের একদল কর্মী আটক ব্যক্তিদের নিজেদের কর্মী দাবি করেন। একপর্যায়ে তাঁরা ক্ষিপ্ত হয়ে প্রাধ্যক্ষের কার্যালয়, হল দপ্তর, নোটিশ বোর্ড, টেলিফোন সেট ও এক কর্মচারীর সাইকেল ভাঙচুর করেন। ভাঙচুরকালে জালাল নামের ছাত্রলীগের এক কর্মী আহত হন। ছাত্রলীগের কর্মীরা প্রাধ্যক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন হলের একজন আবাসিক শিক্ষক।ছাত্রলীগের কর্মীরা বেলা দুইটার দিকে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ দাবি করে হলের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রাধ্যক্ষ হোসাইন কবির বলেন, হলের আবাসিক শিক্ষক মাহবুব মোর্শেদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল মনসুর জামশেদ দাবি করেন, আলাওল হল কর্তৃপক্ষের বৈষম্যমূলক নীতির প্রতিবাদ জানিয়েছেন কর্মীরা। তবে ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের কর্মীরা জড়িত ছিলেন না।সূর্য সেন হল সূত্রে জানা গেছে, শুক্রবার রাত তিনটার দিকে সিনিয়র-জুনিয়র ছাত্রদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ছাত্র আল-আমিন, মাহবুব, জামিলুর রহমান ও ইসমাইল আহত হন। প্রাধ্যক্ষ তপন কুমার নাথ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে কর্তৃপক্ষ বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক জরিন আখতারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। এ ছাড়া শাহ আমানত হলের প্রাধ্যক্ষ কলিম উদ্দিন ভূঁইয়াকে প্রধান করে ইনস্টিটিউট থেকে আরও একটি কমিটি করা হয়েছে।