বরিশালে পৌর নির্বাচনের সময় বহিরাগতদের আনাগোনার কারণে শঙ্কায় আছেন বিএনপির মেয়র প্রার্থীরা। তাঁরা মনে করছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এটা বড় বাধা হয়ে দাঁড়াবে। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, বহিরাগতদের এলাকা ছাড়াতে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এবার বরিশালে ছয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে। সেগুলো হলো মুলাদী, মেহেন্দিগঞ্জ, গৌরনদী, বানারীপাড়া, বাকেরগঞ্জ, উজিরপুর। এ ছয় পৌরসভায় মেয়র পদে ২৩ জন লড়বেন।
মেহেন্দিগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী গিয়াসউদ্দিন দীপেন অভিযোগ করেন, পৌর এলাকার বাইরে থাকা ১৩ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা বৈঠক করেছেন।
ওই বৈঠকে প্রতি ওয়ার্ডে একজন করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ভোটকেন্দ্রে থাকার দায়িত্ব দেওয়া হয়েছে।
তাঁরা ভোটের দিন ইউনিয়নের কর্মীদের এনে ভোটের লাইনে দাঁড় করিয়ে দেবেন। এ রকম প্রচারণার কারণে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী কামালউদ্দিন খান বলেন, তিনি ২০ বছর ধরে পৌর প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর বহিরাগতদের দরকার নেই। এসব অভিযোগ বিএনপির কৌশল।
মেহেন্দিগঞ্জ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা তাজিম উর রহমান বলেন, বহিরাগতদের সরিয়ে দিতে মাইকিং করা হয়েছে। কোনোভাবেই যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তা ছাড়া তিনি নিজে সব সময় খোঁজখবর নিচ্ছেন।
মুলাদী পৌরসভায় ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী সেলিম আহমেদ চৌকিদার অভিযোগ করেন, পৌরসভার চারপাশে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা অবস্থান নিয়েছেন। তাঁরা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রভাব খাটানোর চেষ্টা চালাবেন। তিনি আরও অভিযোগ করেন, ছয়টি পৌর এলাকায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য বহিরাগতরা অবস্থান নিয়েছে।
এ পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল্লাহ আলম মাসউদ বলেন, গত সোমবার বিকেল থেকে বহিরাগতদের সরিয়ে দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো বহিরাগত ভোটের সময় সমস্যা সৃষ্টি করতে পারবে না।
বাকেরগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মো. মতিউর রহমান মোল্লা বলেন, পৌরসভার বাইরের রঙ্গশ্রী, পাদ্রিশিবপুর, ভরপাশা, কলসকাঠি ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থক নেতা-কর্মীরা পৌর এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তাঁরাই নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে অবস্থান নেবেন।
পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া বলেন, পৌর এলাকায় এখন অনেক লোক আছেন। কিন্তু তাঁরা যে বিএনপির না এর কী প্রমাণ আছে? বহিরাগতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
একই অভিযোগ করেছেন উজিরপুর পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মো. শহীদ খান, গৌরনদী পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী মো. শফিকুর রহমান এবং বানারীপাড়ায় বিএনপির প্রার্থী মো. গোলাম মাহমুদ। তাঁদের শঙ্কা, বহিরাগতরা কেন্দ্র দখল করে সুষ্ঠু নির্বাচন করতে বাধার সৃষ্টি করবে।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল হালিম খান বলেন, বহিরাগত লোকদের সরিয়ে দিতে মাইকিং করা হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে ব্যাপক ভূমিকা পালন করছে।