বহিরাগতদের প্রবেশ বন্ধ করার দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগতদের প্রবেশ ও বখাটেপনার প্রতিবাদে গতকাল শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
একই সঙ্গে তাঁরা প্রশাসনের কাছে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শিক্ষার্থী ও একাধিক শিক্ষক জানান, গতকাল বেলা ১১টায় কলেজের বিজ্ঞান ভবন-২-এর তৃতীয় তলায় গণিত বিভাগের ক্লাস চলছিল। ওই সময়ে ধর্মপুর এলাকার বহিরাগত শুভ খান, যোবায়ের, আশিক ও ফয়সালসহ ছয়-সাতজন শ্রেণিকক্ষের সামনে ধূমপান করছিলেন। এ সময় তাঁদের চলে যেতে বললে তাঁরা শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেন।
এ ঘটনা জানতে পেরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্র হয়ে বহিরাগতদের ধাওয়া করে ক্যাম্পাসছাড়া করেন।
পরে শিক্ষার্থীরা কলেজ ও এর সামনের বিভিন্ন দোকানে বখাটেদের খুঁজতে থাকেন। একপর্যায়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক ও কর্মচারী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ধর্মপুর এলাকার কয়েকজন বখাটে কলা ভবনের প্রধান ফটক, সাইকেল স্ট্যান্ড, ছাত্রী হলের সামনে এবং কলেজ মিলনায়তনের সামনে সংঘবদ্ধ হয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করছে। কোনো শিক্ষক বা শিক্ষার্থী এ ঘটনার প্রতিবাদ করলে তারা সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষক ও শিক্ষার্থীকে নাজেহাল করে।
অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, বহিরাগত ও বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। সামনের দিনগুলোতে বখাটেপনা রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।