বহিরাগতদের হাঙ্গামায় ভোট গ্রহণ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণের সময় গতকাল শনিবার বহিরাগত একদল যুবক হাঙ্গামা করে ও অব্যবহৃত ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ স্থগিত করেন।
মুসলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের আয়োজন করা হয়। ইউনিয়নের সভাপতি পদে সরদার হাফিজ ও জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মোস্তফা ও গোলাম মর্ত্তুজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা বলেন, সকাল আটটা থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছিলেন। ভোট চলাকালে দেড়টার পর হঠাৎ করে বহিরাগত একদল যুবক ভোটকেন্দ্রের ১ ও ২ নম্বর কক্ষের বুথে ঢুকে ব্যালট পেপারে সিল মারে। এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কর্তব্যরত পুলিশ এ সময় তিনটি শটগানের ফাঁকা গুলি ছোড়ে। ওই সব যুবক অব্যবহৃত কিছু ব্যালট পেপার নিয়ে দ্রুত চলে যায়। ভোট গ্রহণের পরিবেশ নষ্ট হওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কলেজশিক্ষক তমিজার রহমান ভোট গ্রহণ স্থগিত করেন।
এ বিষয়ে একাধিক শ্রমিক নাম প্রকাশ না করে বলেন, শান্তিপূর্ণভাবেই ভোট চলছিল। কোনো এক পক্ষ জয় নিশ্চিত করতে স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এ হামলা করিয়েছে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী গোলাম মোস্তফা ও বর্তমান মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার হাফিজ অভিযোগ করেন, নির্বাচনে সভাপতি প্রার্থী জাহাঙ্গীর আলম পরাজয় নিশ্চিত জেনে তাঁর কিছু সমর্থিত শ্রমিকদের বিভিন্নভাবে উত্তেজিত করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে।
এদিকে সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, প্রভাবশালী মহল বহিরাগতদের দিয়ে ব্যালটে সিল মেরে তাঁর প্রতিপক্ষের জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি আরও বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা তাঁরা সবাই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।
প্রিসাইডিং কর্মকর্তা বলেন, শান্তিপূর্ণভাবে ভোট চলাকালে বহিরাগত কিছু শ্রমিক ভোটকেন্দ্রে ঢুকে সিল মেরে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ফাঁকা ব্যালট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ায় তিনি ভোট গ্রহণ স্থগিত করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বলেন, এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা একটি মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় না থাকায় তা স্থগিত করতে বাধ্য হয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।