বহিরাগতদের হামলায় ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগত ব্যক্তিরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুর মোহাম্মদকে (২২) পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা দুইটার দিকে ক্যাম্পাসে ভাষাশহীদ আবদুস সালাম হলের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর অন্য ছাত্ররা নুর মোহাম্মদকে উদ্ধার করে প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের কাছে নিয়ে তাঁকে চিকিৎসাসেবা দেন। পিটুনিতে নুর মোহাম্মদ চোখ, মাথা, মুখ ও পিঠে আঘাত পেয়েছেন বলে প্রথম আলোকে জানান।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল বেলা দুইটার দিকে শহর থেকে ছাত্রলীগসমর্থিত ১৪-১৫ জনের একদল যুবক ক্যাম্পাসে মহড়া দেন। একপর্যায়ে ওই যুবকেরা ক্যাম্পাসের ক্যানটিনে বসে কিছুক্ষণ আড্ডা দেন। এ সময় পাশের একটি চেয়ারে বসে নুর মোহাম্মদ ধূমপান করছিলেন। ধূমপান শেষে তিনি চলে যাওয়ার সময় ওই যুবকেরা তাঁদের সামনে ধূমপানের কারণ জানতে চেয়ে উত্তর দেওয়ার আগেই তাঁকে মারধর শুরু করেন।
প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর প্রথম আলোকে বলেন, শহর থেকে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ক্যাম্পাসে এসে তাঁর কাছে ছাত্রদলের কার্যক্রম সম্পর্কে জানতে চান। এরপর তাঁরাই নাকি বিবিএর এক শিক্ষার্থীকে মারধর করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।