জামালপুরের দেওয়ানগঞ্জে জিলবাংলা সুগার মিলে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমানসহ ছয়জন আহত হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে মিল চত্বরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের সচিব আবদার হোসেন, ইক্ষু উন্নয়নের পরিচালক আজিজুর রহমান, মিলের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান খান, দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, দেওয়ানগঞ্জ থানার ওসি মিজানুর রহমান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সমাবেশে দেওয়ানগঞ্জ থানার ওসি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দেন।
চিনিকল সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর থেকে জিলবাংলা সুগার মিলে ২০১৩-১৪ অর্থবছরের আখমাড়াই মৌসুম শুরু হবে। এ মৌসুমে এক লাখ টন আখ মাড়াই করে আট হাজার ৫০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই নিয়ে গত সোমবার রাতে কর্মকর্তারা অফিসার্স ক্লাবে আলোচনা করার সময় একদল বহিরাগত সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। হামলার ঘটনায় গত মঙ্গলবার সকাল থেকে জিলবাংলা সুগার মিলের কার্যক্রম বন্ধ থাকে। গতকাল বুধবার দুপুর থেকে মিলের কার্যক্রম স্বাভাবিক হয়।