বহিরাগতদের হামলায় পাঁচ শিক্ষার্থী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের শ্রেণীকক্ষে হামলা চালিয়েছে একদল বহিরাগত সন্ত্রাসী। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় বিদ্যালয়ের দশম শ্রেণীর দুই ছাত্র রাকিব হোসেন (১৫), মো. সাগরসহ (১৫) অন্তত পাঁচজন আহত হয়। গুরুতর আহত রাকিব ও সাগরকে স্থানীয় শিক্ষকেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হামলার ঘটনার পর গতকাল কোনো ক্লাস হয়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে ১০টার দিকে ওই বিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি পরীক্ষায় ফেল করা দুই ছাত্র আকাশ ও পিয়াস পাস করা পাভেলকে সঙ্গে নিয়ে নতুন করে ভর্তি হতে বিদ্যালয়ে আসে। এ সময় দশম শ্রেণীর ছাত্র রাকিব বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় দাঁড়িয়ে আকাশকে নাম ধরে ডাক দেয়। এতে আকাশ ক্ষিপ্ত হয়ে নাম ধরে ডাকার কৈফিয়ত চায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিক প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা বিষয়টির মীমাংসা করে দিলে আকাশ তার সঙ্গীদের নিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আকাশের নেতৃত্বে ১০-১২ জনের একদল বহিরাগত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্যালয়ের দশম শ্রেণীর শ্রেণীকক্ষে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। হামলায় রাকিব, সাগর, পুষ্পা, প্রিয়া ও সুবর্ণা আহত হন। পরে শিক্ষকেরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বলেন, সামান্য ঘটনা নিয়ে বহিরাগত যুবকেরা এসে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর এমনভাবে হামলা চালিয়েছে, তাতে তাঁরা নিজেরাও হতবাক হয়ে পড়েছেন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিজেই বিদ্যালয়ে গিয়েছিলেন। কিন্তু তখন হামলাকারীরা কেউ ওই এলাকায় ছিল না। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে।