বহিরাগতের ছুরিকাঘাতে ছাত্রী আহত রাজশাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করেছেন বহিরাগত এক যুবক। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় গতকাল রোববার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় ওই শিক্ষার্থী বাজার করতে যান। বাজার শেষে এক সহপাঠীর সঙ্গে রিকশায় ওঠার সময় মোটরসাইকেলযোগে এসে মনতাজুল ইসলাম ওরফে ইমু নামের এক যুবক তাঁর পিঠে ছুরিকাঘাত করেন। কিছু বুঝে ওঠার আগেই দুজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষার্থীর কয়েকজন সহপাঠী জানান, মনতাজুলের সঙ্গে ওই শিক্ষার্থীর বন্ধুত্ব ছিল। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। মনতাজুল বিশ্ববিদ্যালয়ের পাশের তালাইমারী এলাকার বাসিন্দা।