শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) অভিযোগ করেছে, স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টসের মালিকও নিয়ম ভঙ্গ করে কারখানার নিচে গুদাম রেখেছিলেন। বহির্গমন ফটক তালাবদ্ধ রাখার কারণেই ওই কারখানায় অগ্নিকাণ্ডে সাতজন শ্রমিকের মৃত্যু ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।রাজধানীর তোপখানা রোডে স্কপ কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই অভিযোগ করে। সংবাদ সম্মেলনে বলা হয়, স্কপ নেতাদের একটি প্রতিনিধিদল মোহাম্মদপুর বেড়িবাঁধে ওই কারখানার অবস্থা দেখে এবং প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে এর প্রমাণ পায়। স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকের শাস্তি, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবিতে এই সংবাদ সম্মেলন করা হয়।স্কপের নেতারা বলেন, তাজরীন ফ্যাশনসের মালিককে এখনো গ্রেপ্তার করা হয়নি। ‘মালিককে গ্রেপ্তারের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তাঁরা বলেন, ‘আমরা মনে করি, এটা শাস্তির প্রাথমিক পদক্ষপ হতে পারে।’সংবাদ সম্মেলনে বলা হয়, এ যাবৎ পোশাক কারখানায় যত অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা ঘটেছে, তার সব মালিকদের বেআইনি ও নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে ঘটেছে। সম্প্রতি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিদল আশুলিয়ার কারখানা পরিদর্শনে গিয়ে ৬০ শতাংশের বেশি কারখানাকে কর্মপরিবেশের উপযোগী ও নিরাপদ নয় বলে চিহ্নিত করেছে। সংবাদ সম্মেলনে সাত দফা দাবি জানানো হয়। এসব দাবি আদায়ে ৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় বিজিএমইএর কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি এবং ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় শ্রম ভবনের সামনে শ্রম পরিচালক ও কারখানা পরিদর্শকের কার্যালয়ের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে স্কপের সমন্বয়কারী ওয়াজেদুল ইসলাম খান, শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।