নৌযানশ্রমিকদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে ভোগ্যপণ্যবাহী ১৪টি বড় জাহাজ। এসব জাহাজে সোয়া চার লাখ টন ভোজ্যতেল, মটর ডাল, চিনি, গমসহ বিভিন্ন নিত্যপণ্য রয়েছে। চার দিন ধরে এসব জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকেরা।
পণ্য খালাস না হওয়া ১৪টি জাহাজের একটিতে রয়েছে মটর ডাল। জাহাজটি থেকে ৮ হাজার ৮১৫ টন মটর ডাল খালাসের পরই ধর্মঘটের কারণে কাজ বন্ধ হয়ে যায়। গত চার দিনে জাহাজটি থেকে এক টন পণ্যও খালাস হয়নি। এই ডাল আমদানি করেছে চট্টগ্রামের বিএসএম গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ৫১ হাজার ২৯৮ টন পণ্য খালাস করতে না পারলে জাহাজ পরিচালনাকারীকে প্রতিদিন ১৪ হাজার ডলার করে জরিমানা দিতে হবে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়তে আমাদের।’
বিএসএম গ্রুপের মতো সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, টিকে গ্রুপসহ অনেক প্রতিষ্ঠানের আমদানি করা ভোগ্যপণ্যবাহী জাহাজ এখন বন্দরের বহির্নোঙরে আটকে আছে।
মেঘনা গ্রুপের ৫৫ হাজার টন অপরিশোধিত চিনি রয়েছে বহির্নোঙরের একটি জাহাজে। সাড়ে পাঁচ হাজার টন খালাসের পরই ধর্মঘটে কারণে কাজ বন্ধ হয়ে যায়। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের কারণে প্রত্যেক আমদানিকারক ক্ষতির মুখে পড়েছেন। পণ্যের সরবরাহ-ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।’
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে গত বুধবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা। ধর্মঘটের কারণে চার দিন ধরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। গতকাল বন্দরের বহির্নোঙরে অবস্থান করা ৫৭টি জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। এসব জাহাজে খালাসের অপেক্ষায় রয়েছে ১৪ লাখ ৬৭ হাজার টন পণ্য। বন্দর থেকে পণ্য নিয়ে বিভিন্ন ঘাটে অবস্থান করা ৬৮১টি লাইটার জাহাজ থেকেও পণ্য খালাস করা যাচ্ছে না।
জানতে চাইলে নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম গতকাল রাত সাড়ে আটটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মজুরি না বাড়ানো পর্যন্ত চট্টগ্রামের সাধারণ শ্রমিকেরা ধর্মঘট অব্যাহত রাখার পক্ষে।’
তবে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘যত দ্রুত সম্ভব এ ধরনের কর্মসূচি প্রত্যাহার করা উচিত। কারণ পণ্য খালাস বন্ধ থাকায় ব্যবসার খরচ বাড়ছে। এ বাড়তি খরচ শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাদের গুনতে হবে।’