বহির্নোঙরে পণ্য খালাস করতে পারবে ৩০ প্রতিষ্ঠান
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে পণ্য খালাস করতে পারবে শিপ হ্যান্ডলিং অপারেটর হিসেবে পরিচিত ৩০টি বেসরকারি প্রতিষ্ঠান। গতকাল সোমবার এসব প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির জন্য চিঠি দিয়েছে বন্দর।
তালিকাভুক্তির জন্য চিঠি পাওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২১টি বর্তমানে বহির্নোঙরে পণ্য খালাসে নিয়োজিত রয়েছে। এর বাইরে নতুন নয়টি প্রতিষ্ঠান তালিকাভুক্তির চিঠি পেয়েছে। গত বছরের ১২ মার্চ তালিকাভুক্তির জন্য দরপত্র জমা দেয় প্রতিষ্ঠানগুলো। কিন্তু মামলার কারণে দীর্ঘদিন তালিকাভুক্তির প্রক্রিয়া থমকে ছিল। মামলা প্রত্যাহারের পর নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে পাঁচ বছরের জন্য তালিকাভুক্তির চিঠি দিল বন্দর।
তালিকাভুক্তির জন্য চিঠি পাওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টির বন্দরে স্টিভিডোরিং লাইসেন্স ছিল। তবে এই লাইসেন্স না থাকলেও সি ওয়ার্ল্ড করপোরেশন নামে লাইটার জাহাজে পণ্য খালাস বা বোঝাইয়ে নিয়োজিত একটি প্রতিষ্ঠানও তালিকাভুক্তির জন্য চিঠি পেয়েছে। প্রতিষ্ঠানটির বড় জাহাজ থেকে পণ্য খালাসের অভিজ্ঞতা নেই। তবে দরপত্রে অভিজ্ঞতার শর্তে বড় জাহাজ থেকে পণ্য খালাস অথবা লাইটার জাহাজে পণ্য বোঝাই বা খালাসের শর্তের সুযোগে এই প্রতিষ্ঠানটিও তালিকাভুক্তির জন্য নির্বাচিত হয় বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মালিক শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পারভেজ সাজ্জাদ আকতার।
২০০৭ সালের ১৬ মের আগে স্টিভিডোরিং লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলো বহির্নোঙরে পণ্য খালাসে নিয়োজিত ছিল। ২০০৭ সালের ১৬ মে থেকে তৎকালীন যৌথ বাহিনীর সিদ্ধান্তে ১৬টি প্রতিষ্ঠানকে বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস করার জন্য অনুমতি দেয় বন্দর কর্তৃপক্ষ। এরপর নৌ পরিবহনমন্ত্রীর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশে বন্দর কর্তৃপক্ষ দরপত্র ছাড়াই আরও পাঁচটি প্রতিষ্ঠানকে পণ্য খালাসে অনুমতি দেয়। শিপ হ্যান্ডলিং প্রথা চালু হওয়ার প্রায় আট বছর পর নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা হচ্ছে। সাগরে বড় জাহাজ থেকে পণ্য খালাস বাবদ বন্দর কোনো রাজস্ব না পেলেও তালিকাভুক্তির কারণে প্রতিটি শিপ হ্যান্ডলিং অপারেটর থেকে বছরে চার লাখ টাকা করে রয়্যালটি পাবে বন্দর কর্তৃপক্ষ।
তালিকাভুক্তির চিঠি পাওয়া নবাব অ্যান্ড কোম্পানির প্রতিনিধি সাইফুল আলম খান প্রথম আলোকে জানান, বন্দরের কাছ থেকে পাওয়া চিঠিতে ৫০ লাখ টাকা নিরাপত্তা জামানত দেওয়ার কথা বলা হয়েছে। আগামী ২৮ দিনের মধ্যে চুক্তি করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।