বহির্নোঙরে ভাসছে ফার্নেস অয়েলের তিনটি জাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখার জায়গার অভাবে আমদানি করা ফার্নেস অয়েল (এফও) খালাস করা সম্ভব হচ্ছে না। ৬০ হাজার মেট্রিক টন এফওবাহী তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসছে প্রায় দুই সপ্তাহ ধরে। এতে আমদানি করা এফও নিয়ে বেকায়দায় পড়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নানা সীমাবদ্ধতার কারণে দেশে নতুন স্থাপিত বিদ্যুৎকেন্দ্রের জন্য আমদানি করা জ্বালানি তেলের পুরোটা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে বিপিসির সারা দেশের বিভিন্ন ডিপোতে এফও রাখার জন্য যেসব ট্যাংক রয়েছে, সেগুলো কানায় কানায় পূর্ণ হয়ে আছে।সূত্র জানায়, বিপিসির বিভিন্ন ডিপোতে সর্বোচ্চ ৮০ হাজার মেট্রিক টন এফও রাখার মতো সুবিধা রয়েছে। কিন্তু গতকাল বুধবার বিকেল পর্যন্ত আমদানি করা এফওর পরিমাণ ছিল দেড় লাখ টনেরও বেশি। পেট্রল কিংবা ডিজেল-কেরোসিনের ট্যাংকে এফও রাখা যায় না। এ কারণে আমদানি করা সম্পূর্ণ এফও খালাস করে ট্যাংকে ভরা বিপিসির পক্ষে সম্ভব হচ্ছে না।বিপিসির কর্মকর্তারা জানান, পিডিবি গত মাসে (অক্টোবরে) বিপিসিকে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েলের চাহিদা দিয়েছে। কিন্তু পরিবহন, বিদ্যুৎকেন্দ্রের জটিলতাসহ নানা কারণে সরবরাহ দেওয়া সম্ভব হয়েছে মাত্র ৮৫ হাজার মেট্রিক টন। এভাবে গত আগস্ট থেকে প্রায় প্রতি মাসেই পিডিবির চাহিদার পুরোটা সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।বিষয়টি স্বীকার করেন বিপিসির পরিচালক (অপারেশন্স) এস এম রিজওয়ান হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলো যেসব এলাকায় স্থাপন করা হয়েছে, সেখানে তেল পাঠানোর ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। আছে রেলের ওয়াগন-স্বল্পতা, নদীপথের নাব্যতার সংকট। তিনি বলেন, তাঁরা এসব সংকট মোকাবিলার চেষ্টা করছেন।বিপিসির বিপণন পরিচালকের দায়িত্বে থাকা অর্থ পরিচালক সারাফ উদ্দিন আহমদও একই কথা বলেছেন। তিনি বলেছেন, সরবরাহের নানা সীমাবদ্ধতা কাটিয়ে দ্রুত তেল পরিবহনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।অপেক্ষমাণ জাহাজ: চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, বহির্নোঙরে অপেক্ষমাণ এফওবাহী জাহাজগুলো হচ্ছে: ২০ হাজার মেট্রিক টন তেলভর্তি এমটি স্টোরোলাস, ২০ হাজার ২০০ টনের এমটি ইস্ট সিভারলেন এবং ১৮ হাজার মেট্রিক টনের এমটি কিরানা কোয়ারটিয়া। এর মধ্যে প্রথম দুটি জাহাজ বন্দরে এসেছে গত ১৩ অক্টোবর, শেষেরটি এসেছে ২৩ অক্টোবর। এমটি নরিয়েন্ট সেটরান নামের অপর একটি জাহাজও ২০ হাজার ৯৯৬ মেট্রিক টন এফও নিয়ে বন্দরের বহির্নোঙরে আসে ১৩ অক্টোবর। দুই সপ্তাহেরও বেশি সময় অপেক্ষার পর সেটির এফও খালাস করার কাজ শেষ হয় গতকাল বিকেলে।জানা যায়, এ ধরনের তেলবাহী জাহাজ (ট্যাংকার) থেকে নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাসের বাধ্যবাধকতা রয়েছে। সেটা না হলে প্রতি ২৪ ঘণ্টা অতিরিক্ত জাহাজ অবস্থানের জন্য আমদানিকারককে ১০ থেকে ১৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হয়। বিপিসির কর্মকর্তারা জানান, দীর্ঘ সময় ধরে বহির্নোঙরে অলস বসে থাকা ট্যাংকার তিনটির জন্যও ক্ষতিপূরণ দিতে হবে।