বহির্নোঙরে লাইটার জাহাজডুবি
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে চুনাপাথরভর্তি একটি লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ডুবে যাওয়া জাহাজ ‘এমভি হাজী আবুল কাশেম’-এর ১৩ জন শ্রমিক আরেকটি জাহাজে উঠে রক্ষা পান।
লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল জানায়, এক হাজার ২০০ টন চুনাপাথর নিয়ে জাহাজটি কর্ণফুলী নদী থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। গতকাল ভোর সাড়ে পাঁচটায় কর্ণফুলী নদীর মোহনার অদূরে পতেঙ্গা সৈকতের কাছাকাছি প্রচণ্ড ঢেউয়ে জাহাজটির তলা ফেটে যায়। এ সময় নাবিকেরা কাছাকাছি থাকা আরেকটি লাইটার জাহাজে উঠে রক্ষা পান।
বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে জানান, দুর্ঘটনার পর আশপাশের জাহাজে সতর্কতা-সংকেত পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থল এড়িয়ে অন্য জাহাজ চলাচলের জন্য বয়া বসানো হয়েছে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের জন্য মালিকপক্ষকে চিঠি দেওয়া হবে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।