বহির্বিভাগ ও প্রশাসনিক ভবনে তালা, অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর বহিরাগত ব্যক্তিদের হামলার ঘটনায় গতকাল শনিবার কলেজের শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট পালন করেছেন। শিক্ষার্থীরা হাসপাতালের বহির্বিভাগ ও কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে তাঁরা ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এদিকে হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে।সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা মিছিল করে বহির্বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীদের বের করে দিয়ে বহির্বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় কর্মবিরতি পালনরত ইন্টার্নি চিকিৎসকেরা তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।এর আগে সকাল নয়টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত তাঁরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। এতে শিক্ষক ও কর্মচারীরা বাইরে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এ সময় চিকিৎসক ও বিএমএ নেতারা তাঁদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানান।হাসপাতালের বহির্বিভাগ সারা দিন তালাবদ্ধ থাকায় চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে দুর্ভোগ পোহাতে হয়। পরে বেলা আড়াইটার দিকে প্রশাসনিক ভবন ও বহির্বিভাগের তালা খুলে নেওয়া হয়।সকাল ১১টার দিকে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক ও দুপুর ১২টার দিকে ময়মনসিংহ সদর আসনের সাংসদ মতিউর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য ক্যাম্পাসে যান। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ দেখান। পরে হাসপাতালের পরিচালকের সম্মেলনকক্ষে ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন সাংসদ মতিউর রহমান। সমস্যার সমাধানের জন্য ৭২ ঘণ্টা সময় চান সাংসদ। সময়সীমা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মতানৈক্য দেখা দেয়। এ নিয়ে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরে ইন্টার্নি চিকিৎসকেরা আগামীকাল সোমবার বেলা একটার মধ্যে সমস্যার সমাধানের জন্য সময়সীমা বেঁধে দেন।পরিস্থিতির সুষ্ঠু সমাধানের জন্য সকালে সার্কিট হাউসে বৈঠকে বসেন সাংসদ মতিউর রহমান, জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া, কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহ জাহান ও পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক। বৈঠকে যেকোনো মূল্যে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান ও কলেজ বন্ধ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।হামলার ঘটনার সময় সন্দেহজনক আচরণ ও হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে এবং অসদাচরণের অভিযোগে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী জয়নাল আবেদীনকে সাময়িকভাবে বরখাস্ত ও সন্দেহজনক আচরণের অভিযোগে ঝাড়ুদার লাল মিয়াকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। জয়নালের জড়িত থাকার অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ইন্টার্নি চিকিৎসক লিমন চন্দ্র ধর ও আরমান হোসেন বলেন, একটি বিশেষ দল গঠন করে জরুরি চিকিৎসাসেবায় সহযোগিতা করা হবে। তাঁরা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে, এই আশ্বাস বাস্তবায়নের অপেক্ষায় তাঁদের শান্তিপূর্ণ কর্মবিরতি অব্যাহত থাকবে। হাসপাতালের পরিচালক মো. শাহ জাহান বলেন, সমস্যা সমাধানে তাঁরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছেন। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কলেজের এক ছাত্রীকে উক্ত্যক্ত করার জের ধরে কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে বহিরাগত ব্যক্তিদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ছাত্র, ইন্টার্নি চিকিৎসক ও বিএমএর নেতাসহ কমপক্ষে ৩৫ জন আহত হন।