
চট্টগ্রামের ইউএসটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের (বিবিএমএইচ) বহির্বিভাগে চিকিৎসাসেবা গতকাল সোমবার বেলা ১১টা থেকে বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগসহ নানা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে এ অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বিবিএমএইচের মহাপরিচালক মো. শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা ইন্টার্ন চিকিৎসকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি।’
বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকদের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে নতুন ভিসি নিয়োগ, অর্থোপেডিক ও চর্মরোগ বিভাগ চালু, ২৪, ২৫ ও ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে বিএমডিসির নিবন্ধন, হাসপাতাল এলাকায় ইন্টার্ন চিকিৎসকের হোস্টেলে পর্যাপ্ত আসনব্যবস্থা, বিদেশি ইন্টার্ন চিকিৎসকদের ভাতা প্রদান, চাকরির ক্ষেত্রে স্বজনপ্রীতি বন্ধ, লেকচার কক্ষের আসনব্যবস্থা বাড়ানো, চিকিৎসকদের জন্য আলাদা প্রসাধনের (বাথরুম) ব্যবস্থা, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য তহবিল প্রদান, শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা-রোগনিরূপণ প্রভৃতি উল্লেখযোগ্য।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘এর আগেও শান্তিপূর্ণভাবে আমাদের এসব দাবিদাওয়ার কথা জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আজও শান্তিপূর্ণভাবে আমাদের দাবি তুলে ধরছি। হাসপাতালের বহির্বিভাগসহ অন্যান্য কার্যক্রম সকাল থেকে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’