বহির্বিভাগে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর জেনারেল হাসপাতালের বহির্বিভাগে খুচরা না থাকার অজুহাত দেখিয়ে ৬ টাকা মূল্যের টিকিট ৭ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। দিনাজপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারী মো. আকরাম হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

দিনাজপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে বহির্বিভাগে রোগী দেখার জন্য সরকারিভাবে ফি নির্ধারণ করা হয়েছে ৬ টাকা। এতে সমাজকল্যাণ খাতের জন্য বরাদ্দ আছে ১ টাকা।

গত শনিবার সরেজমিনে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্তত আটজন রোগী ও তাঁদের স্বজনের সঙ্গে কথা বলে জানা যায়, টিকিটের মূল্য হিসেবে তাঁদের কারও কাছে ১০ টাকা, কারও কাছে ৮ টাকা আবার কারও কাছে ৭ টাকা করে নিয়েছেন অফিস সহকারী আকরাম।

দিনাজপুর শহরের বড় গুড়গোলার দিলিপ মহন্ত বলেন, ‘আমি তাঁকে (আকরাম) ১০ টাকা দিয়েছি। তিনি আমাকে ৪ টাকা ফেরত না দিয়ে ২ টাকা ফেরত দিয়েছেন। টিকেটের দাম ৮ টাকা ভেবে আমি তাঁকে কিছু বলিনি।’

চিরিরবন্দরের খেড়কাটির মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি তো অনেক দূর থেকে এখানে এসেছি। উনি আমার কাছে টিকিটের জন্য ১০ টাকা চেয়েছিলেন আমি ১০ টাকাই দিয়েছি।’

শহরের পুলিশ লাইনের শামছুন্নাহার বলেন, ‘আমি অনেক দিন থেকে এখানে চিকিৎসা নিই। আমি জানি টিকিটের দাম ১০ টাকাই। আমি তো সবসময় ১০ টাকা দিয়েই টিকিট কাটি।’ অসুস্থ লোকদের সঙ্গে এ আচরণে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘ওনারা আমাদের কাছ থেকে টাকা বেশি নিলে আমরা কার কাছে যাব।’

এ ব্যাপারে আকরামকে জিজ্ঞাসা করলে, তিনি বলেন, ‘খুচরা টাকা দেওয়া বড়ই ঝামেলার, ওই সময় রোগীদের অনেক বেশি ভিড় থাকে। তাই যে যত টাকা দেয় নিয়ে রাখি।’ তবে তিনি দাবি করেন, ‘যাঁদের কাছে টাকা বেশি রাখি, তাঁদের নামের পাশে নোট লিখে রাখি। পরে তাঁদের বাকি টাকা দিয়ে দেওয়া হয়।’ কিন্তু অভিযোগকারী ওই আট জনের কারও নামের পাশে তিনি কোনো নোট লেখা দেখাতে পারেননি।

চিকিৎসা কর্মকর্তা জিনাত আমান বলেন, এর আগেও আকরামকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি নিষেধ মানছেন না।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. পারভেজ সোহেল রানা বলেন, এর আগেও একজন অফিস সহকারীকে এ অপরাধে বদলি করা হয়েছে। আকরামের নিয়োগ হয়েছে ঘোড়াঘাট উপজেলায়, তিনি এখানে প্রেষণে আছেন। তাঁকে আজ মঙ্গলবার থেকে ঘোড়াঘাটে অফিস করতে বলা হয়েছে।

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এ নিয়ে অনেকবার অভিযোগ করলেও কর্তৃপক্ষ স্থায়ী ব্যবস্থা নেয়নি। এ জন্যই কিছুদিন পর আবার আগের মতো বেশি টাকা নেওয়া শুরু হয়।